কখনও ভিউয়ের পেছনে দৌড়াইনি: মীর রাব্বি
মীর রাব্বি। ছবি: সংগৃহীত
এমদাদুল হক মিল্টন
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৩:৩৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১৩:৪৭
মীর রাব্বি। অভিনেতা। সম্প্রতি অনলাইনে প্রকাশ হয়েছে তাঁর অভিনীত সাত পর্বের মিনি সিরিজ ‘অপূর্ণতা’। এ সিরিজ ও অন্যান্য প্রসঙ্গে তাঁর সঙ্গে কথা হয় তার সঙ্গে
‘অপূর্ণতা’ মিনি সিরিজে অভিনয় করে কেমন প্রতিক্রিয়া পাচ্ছেন?
দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি। বিশেষ করে যারা বাস্তবধর্মী গল্প পছন্দ করেন, তারা সিরিজটি নিয়ে খুব ইতিবাচক মন্তব্য করছেন। এটি ভিন্ন ধরনের গল্প। ভিন্ন সোসাইটি, ক্রাইসিস ও জটিলতা রয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই জানাচ্ছেন, গল্পটা তাদের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিলে গেছে। মাত্র একটি পর্ব প্রচার হয়েছে। বাকি পর্বগুলো প্রচার হলে গল্প জমলে আরও দর্শকসাড়া পাব।
দর্শক এখন পারিবারিক গল্পের নাটকই বেশি দেখছেন, আপনার কী মনে হয়?
আমারও তা-ই মনে হয়। দর্শক এখন কৃত্রিমতার চেয়ে বাস্তবতা খুঁজছেন। ‘পুতুলের বিয়ে’ বা ‘সুপ্তাদের বাড়ি’র মতো কাজগুলো তার প্রমাণ। সম্পর্ক, পরিবার, আবেগ–এই জায়গাই এখন দর্শকের সঙ্গে বেশি কানেক্ট করছে।
নানা ধরনের চরিত্রে অভিনয় করছেন। একটি চরিত্র ফুটিয়ে তুলতে নিজেকে কীভাবে প্রস্তুত করেন?
প্রথমেই চিত্রনাট্য খুব মনোযোগ দিয়ে পড়ি। চরিত্রের ভেতরের দিকটা বোঝার চেষ্টা করি–সে কীভাবে ভাবে, কীভাবে প্রতিক্রিয়া দেয়। আমি চেষ্টা করি চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করতে, যাতে সেটি পর্দায় স্বাভাবিকভাবে ফুটে ওঠে। একটি কাজ থেকে আরেকটি কাজের মাঝে বিরতি রাখি। নির্মতা ও লেখক চরিত্রটি কীভাবে দেখছেন, তার কাছাকাছি যাওয়া ও বোঝার চেষ্টা করি।
‘বকুলের বুকে রক্তকরবী’ ও ‘কুরকাব’ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। সিনেমা দুটি নিয়ে কতটা আশাবাদী?
খুব আশাবাদী। গল্পের দিক থেকে দুটিই আলাদা এবং চ্যালেঞ্জিং। ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমায় শাহরিয়ার পলক খুব সরল ভঙ্গিতে একটি জার্নি দেখানোর চেষ্টা করেছেন, যা অন্যান্য সিনেমার চেয়ে একেবারেই আলাদা। এতে আমার সহশিল্পী প্রিয়ন্তি উর্বী। আর নূর ইমরান মিঠুর পরিচালনায় ‘কুরকাব’-এ ভিন্ন এক জগতের গল্প আছে। আমার বিশ্বাস, দর্শক নতুন কিছু পাবেন এবং কাজগুলো তাদের ভালো লাগবে। এ ছাড়াও কৌতূহলের পরিচালনায় ‘দুঃসাহস’ নামে একটি সিনেমার কাজ করছি। চলতি বছরই এটি মুক্তি পাবে।
কোরবানির ঈদের কাজ শুরু করেছেন নিশ্চয়ই?
হ্যাঁ, ঈদের কাজ আগেই শুরু হয়েছে। আজ উত্তরায় (গতকাল সোমবার) ‘ক্যানভাস’ নামে একটি নাটকের শুটিং করেছি। ভিকি জাহেদের পরিচালনায় আরও একটি কাজ দর্শক দেখতে পাবেন। পুরো মাস ঈদের কাজ নিয়ে ব্যস্ততা যাবে।
২০ বছরের মিডিয়া ক্যারিয়ার। এই পথচলাকে কীভাবে দেখেন?
এই পথচলাকে আমি শেখার যাত্রা হিসেবেই দেখি। আনন্দও রয়েছে। অনেক বন্ধুকে হারিয়েছি। প্রচুর কাজ করেছি। রেডিতেও অনেক সময় কেটেছে। শুরুতে অনেক সীমাবদ্ধতা ছিল, কিন্তু ধীরে ধীরে নিজেকে গড়ে তুলেছি। মাঝে একটু বিরতি ছিল। দুই বছর ধরে সিরিয়াসলি কাজ করছি। এখন অভিনয়ই আমার ধ্যানজ্ঞান। অভিনয় ক্যারিয়ারে আমি কখনও ভিউয়ের পেছনে দৌড়াইনি, বরং ভালো কাজ করার চেষ্টা করেছি। কেউ ভিউয়ের জন্য আমাকে কাস্ট করেননি। দর্শকের ভালোবাসাই আমার সবচেয়ে বড় অর্জন। সেটিই আমাকে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। দর্শকের কাছে কৃতজ্ঞ।
- বিষয় :
- মীর রাব্বি
- অভিনেতা
