ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

স্মরণ

লাকী আখান্দ বেঁচে আছেন গানের মাধ্যমেই

লাকী আখান্দ বেঁচে আছেন গানের মাধ্যমেই
×

লাকী আখান্দ। ছবি: সংগৃহীত

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৪:২৪ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ | ১৪:৪০

২১ এপ্রিল। আজকের এই দিনটিতেই চিরবিদায় নিয়েছিলেন প্রখ্যাত সুরকার, সংগীত পরিচালক ও গায়ক লাকী আখান্দ। দিনটি এলেই তাই ভারাক্রান্ত হয়ে উঠে সংগীতাঙ্গন। অনুরাগীরা সামাজিক মাধ্যমে শেয়ার করেন সুরস্রষ্টার ‘এই জ্বালা আর প্রাণে সহে না’, ‘এই নীল মণিহার, ‘আমায় ডেকো না, ফেরানো যাবে না’ কিংবা ‘আবার এলো যে সন্ধ্যা’ গানের মতো বিখ্যাত সব গানের দুই এক লাইন।

২০১৭ সালের ২১ এপ্রিল তিনি না ফেরার দেশে পাড়ি জমান। দীর্ঘদিন দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন তিনি। দীর্ঘ সংগীতজীবনে গুণী এ শিল্পী অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন, কখনও কণ্ঠে কখনও সুর দিয়ে। কখনও বাজিমাত করেছেন গান লিখে। বরেণ্য এই সংগীতস্রষ্টা চলে গেলেও জীবন্ত আছেন তাঁর গানের মাধ্যমেই।

তিনি গান ফেলে, সুর ফেলে চলে গেলেও তরুণ প্রজন্মের শিল্পীরা তাঁর গান কণ্ঠে তুলে ধরছেন। সর্বশেষ তরুণ মুন্সীর কণ্ঠে প্রকাশ করেছেন লাকীর করা অসমাপ্ত গান। শিরোনাম ‘যার কাছে মন রেখে’। ৩৪ বছর আগে গানটি লিখেছিলেন গীতিকবি গোলাম মোর্শেদ। গানে সুর বসিয়েছিলেন লাকী আখান্দ। এরপরই থেমে গিয়েছিল কাজ। অবশেষে তিন দশক পেরিয়ে গানটি পূর্ণতা পেল তরুণ মুন্সীর কণ্ঠে। এভাবেই তরুণ প্রাণে নতুন করে জেগে থাকছেন বরেণ্য এই সুরস্রষ্টা।

লাকী আখান্দের জন্ম ১৯৫৬ সালের ১৮ জুন। ৫ বছর বয়সেই তিনি তাঁর বাবার কাছ থেকে সংগীতে নিয়েছেন হাতেখড়ি। লাকী আখান্দ ১৯৬৩-১৯৬৭ সাল পর্যন্ত টেলিভিশন এবং রেডিওতে শিশুশিল্পী হিসেবে সংগীতবিষয়ক অনুষ্ঠানে অংশ নেন।

মাত্র ১৪ বছর বয়সেই এইচএমভি পাকিস্তানের সুরকার এবং ১৬ বছর বয়সে এইচএমভি ভারতের সংগীত পরিচালক হিসেবে নিজের নাম যুক্ত করেন। সর্বশেষ তিনি বাংলাদেশ বেতারের পরিচালক (সংগীত) হিসেবে কর্মরত ছিলেন।

লাকী আখান্দের প্রথম সলো অ্যালবাম ‘লাকী আখান্দ’। ১৯৮৪ সালে সারগামের ব্যানারে এ অ্যালবাম প্রকাশ পায়। তিনি ব্যান্ডদল ‘হ্যাপি টাচ’ এর সদস্য ছিলেন।

আরও পড়ুন

×