ভালোবাসার গল্প নিয়ে আবুল হায়াতের ঈদ নাটক
আবুল হায়াত। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৩:০১
বাংলাদেশের নাট্যাঙ্গনের জীবন্ত কিংবদন্তি আবুল হায়াত আসছে কোরবানি ঈদ উপলক্ষে নতুন একটি নাটক নির্মাণ করতে যাচ্ছেন। ‘ভালোবেসেছিলাম’ শিরোনামের এ নাটকটি আগামী ১ ও ২ মে দৃশ্যধারণ করবেন তিনি। ঈদে এটি প্রচার হবে চ্যানেল আইয়ে।
নাটকটির গল্প প্রখ্যাত লেখক রাবেয়া খাতুন-এর, আর নাট্যরূপ দিয়েছেন আবুল হায়াত। পাশাপাশি এতে তিনি নিজেও অভিনয় করবেন। নাটকটির গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ডলি জহুর, রওনক হাসান ও জাকিয়া বারী মম।
প্রতি ঈদে রাবেয়া খাতুনের গল্প নিয়ে নাটক নির্মাণ প্রসঙ্গে আবুল হায়াত জানান, চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর-এর আগ্রহ ও ভালোবাসার কারণেই এই ধারাবাহিকতা গড়ে উঠেছে। তিনি এটিকে নিজের জন্যও আনন্দের কাজ হিসেবে দেখেন। এটা শুধু সাগরেরই চাওয়া নয়, চ্যানেল আই থেকে যেন এখন অনেকটা নিয়মই হয়ে গেছে প্রতি ঈদে রাবেয়া খাতুনের গল্প নিয়ে একটা নাটক নির্মাণের। তাদের এই চাওয়াটা আমার কাছেও ভীষণ ভালোলাগার। আমার নিজের মনের মতো করেই নির্মাণ করি। দর্শক ঈদে যে ধরনের গল্পের কাজ দেখতে পছন্দ করেন, এটি তেমনই। আশা করছি নাটকটি দর্শক পছন্দ করবেন’।
এদিকে নির্মাণ ব্যস্ততায় সময় কাটছে এই বরেণ্য অভিনেতার। সম্প্রতি তিনি নবাবগঞ্জে ভিকি জাহেদ-এর একটি নাটকের শুটিং শুরু করেছেন। এরপর ২৯ এপ্রিল মীর আরমান হোসেন-এর ‘ভুল নামের ফুল’ নাটকে অংশ নেবেন। এ ছাড়া ৪ ও ৫ মে সাদেক সাব্বির-এর নির্দেশনায় আরেকটি নাটকে কাজ করবেন।
- বিষয় :
- আবুল হায়াত
- নতুন নাটক
