ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর আর্থিক প্রতারণা, থানায় ছেলের বাবা

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অভিনেত্রীর আর্থিক প্রতারণা, থানায় ছেলের বাবা
×

আশু রেড্ডি। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৭:৩৬ | আপডেট: ২৭ এপ্রিল ২০২৬ | ১৭:৪৩

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে কয়েক কোটি রুপির আর্থিক প্রতারণার বিতর্কে জড়ালেন দক্ষিণী অভিনেত্রী আশু রেড্ডি। ৯.৩৫ কোটি রুপিসহ স্বর্ণ ও ফ্ল্যাট নিয়ে প্রতারণার অভিযোগে হায়দ্রাবাদ সিটি সেন্ট্রাল ক্রাইম স্টেশনে ২০ এপ্রিল আশুর বিরুদ্ধে মামলা হয়েছে।

অভিযোগ অনুযায়ী, লন্ডনে কর্মরত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ওয়াই ভি ধর্মেন্দ্রকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন ধরে আর্থিক সুবিধা নিয়েছেন অভিনেত্রী। কিন্তু পরে বিয়ে করতে রাজি হননি তিনি। এ ঘটনায় অভিনেত্রীর বিরুদ্ধে থানায় এফআইআর করেছেন ধর্মেন্দ্রর বাবা সত্য নারায়ণ।

এফআইআরে দাবি করা হয়েছে, ২০১৮ সালে লন্ডনে বেড়াতে গিয়েছিলেন আশু। সেখানেই ধর্মেন্দ্রের সঙ্গে তার আলাপ। আশুর বিয়ের প্রতিশ্রুতিতে দুজনের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সুযোগ নিয়ে ধর্মেন্দ্রের থেকে ধাপে ধাপে বিপুল অর্থ, সোনা এবং সম্পত্তি নিজের নামে করে নেন আশু। এর মধ্যে রয়েছে প্রায় ৯.৩৫ কোটি রুপি, প্রায় ৫ কেজির বেশি সোনা, একাধিক ফ্ল্যাট ও নগদ অর্থ। আশু ছাড়াও তার বোনও আলাদা করে উল্লেখযোগ্য অঙ্কের অর্থ নিয়েছেন বলে অভিযোগে বলা হয়।

আশু রেড্ডি। ছবি: ফেসবুক

অভিযোগে আরও বলা হয়েছে, একসময় বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছিল। কিন্তু আচমকাই সেই সম্পর্ক থেকে সরে যান আশু রেড্ডি। এরপর ধর্মেন্দ্র টাকা ও সম্পত্তি ফেরত চাইলে তা দিতে অস্বীকার করেন তিনি। উল্টে হুমকির অভিযোগও তোলা হয়েছে অভিনেত্রীর বিরুদ্ধে।

এই ঘটনায় হায়দরাবাদ সেন্ট্রাল ক্রাইম স্টেশনে মামলা নথিভুক্ত হয়েছে। পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং অভিনেত্রীর আর্থিক লেনদেন, সম্পত্তির নথি ও সংশ্লিষ্ট প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে।

তবে এই অভিযোগের বিষয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও প্রতিক্রিয়া দেননি আশু রেড্ডি। ফলে ঘটনার সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও পড়ুন

×