রুনা খানের ‘নীলপদ্ম’সহ দিল্লি উৎসবে ইমপ্রেসের দুই সিনেমা
‘নীলপদ্ম’ সিনেমার একটি দৃশ্যে রুনা খান। ছবি: ফেসবুক
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৮:৪১
ভারতের রাজধানী দিল্লিতে অনুষ্ঠিতব্য ‘দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৬’-এ প্রদর্শিত হতে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের দুটি চলচ্চিত্র। একটি নুরুল আলম আতিকের ‘মানুষের বাগান’, অন্যটি তৌফিক এলাহি পরিচালিত ‘নীলপদ্ম’।
ফেস্টিভ্যালে ৫ মে স্থানীয় সময় বেলা ১১টা ৫৩ মিনিটে ‘মানুষের বাগান’ এবং ৬ মে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে ‘নীলপদ্ম’ প্রদর্শিত হবে।
সমাজের বিভিন্ন শ্রেণির মানুষকে নিয়ে গড়ে উঠেছে ‘মানুষের বাগান’-এর কাহিনি। এতে অভিনয় করেছেন প্রসূন আজাদ, মনোজ, জ্যোতিকা জ্যোতি, স্বাগতা, মুনিরা মিঠু, মাহমুদ আলম, দীপান্বিতা মার্টিন, অর্চিতা স্পর্শিয়াসহ অনেকে। শিগগির দেশের প্রেক্ষাগৃহেও সিনেমাটি মুক্তি পাবে।
সিনেমার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে জনপ্রিয় ব্যান্ড ‘চিরকুট’-এর গাওয়া শিরোনাম সংগীত। গানটি লিখেছেন নাহিদুর রহমান আনন্দ, যিনি এর আগে আতিকের কালজয়ী ধারাবাহিক ‘যাদুর শহর’-এর গান লিখেছিলেন।

এর আগে দেশ ও বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছিল ‘নীলপদ্ম’। দৌলতদিয়া যৌনপল্লির যৌনকর্মীদের জীবন, সামাজিক পরিচয় এবং অধিকারের আখ্যান নিয়ে প্রায় দুই বছর গবেষণা করে সিনেমাটি নির্মাণ করেছিলেন তৌফিক এলাহী। গেল বছর সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল।
সিনেমার প্রধান চরিত্র নীলা। যৌনপল্লিতে তার বেড়ে ওঠা। সে জানে না তার জন্মপরিচয়। জানে না এই যৌনপল্লিতে যৌনকর্মী হিসেবে বেড়ে ওঠার কারণ। সব সময় এই জীবন ছেড়ে একটা সুন্দর-স্বাভাবিক জীবন চাইত নীলা। একটা সময় সে একজনকে বিশ্বাস করে এবং তার হাত ধরে এই যৌনপল্লি ছেড়ে চলে যায়। ভাগ্যের পরিহাসে আবারও এই জীবনে ফিরে আসতে বাধ্য হয় নীলা। এভাবেই ভাগ্যকে বরণ করে নেয় হাজারো নীলা।
এতে অভিনয় করেছেন রুনা খান, রাশেদ মামুন অপু, রোকেয়া প্রাচী, শাহেদ আলী, সুজাত শিমুল।
এদিকে, দিল্লি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাওয়া ‘মানুষের বাগান’ ও ‘নীলপদ্ম’ সিনেমা দুটি নিয়ে সংশ্লিষ্টরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেছেন, ভিন্নধর্মী গল্প ও নির্মাণশৈলীর মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হবে নতুন অভিজ্ঞতা।
