প্রান্তিক নারীদের জীবনসংগ্রামের গল্পে ‘আতরবিবিলেন’, মুক্তি শুক্রবার
বিএফডিসিতে সংবাদ সম্মেলনে সিনেমাটির শিল্পী-কলাকুশলীরা। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬ | ১৯:০১
দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘আতরবিবিলেন’। টাইমস মিডিয়ার ব্যানারে নির্মিত এ সিনেমাটি আগামী ১ মে সারাদেশে মুক্তি পেতে যাচ্ছে। মুক্তিকে সামনে রেখে ইতোমধ্যে শুরু হয়েছে ব্যাপক প্রচার-প্রচারণা।
রোববার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) সংবাদ সম্মেলনে সিনেমাটির অফিসিয়াল ট্রেইলার, গান এবং পোস্টার উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চলচ্চিত্র-সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের শিল্পী, নির্মাতা, প্রযোজক ও সংবাদকর্মীরা।
চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মিজানুর রহমান লাবু। তার কাহিনি, সংলাপ ও চিত্রনাট্যে নির্মিত এই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘আতরবিবি’-তে অভিনয় করেছেন ফারজানা সুমি।
সিনেমাটি নিয়ে নির্মাতা মিজানুর রহমান লাবু জানান, দীর্ঘ প্রস্তুতি ও যত্নের মাধ্যমে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, দর্শক ছবিটি দেখে সন্তুষ্ট হবেন এবং প্রেক্ষাগৃহে এসে উপভোগ করবেন।
অন্যদিকে, ফারজানা সুমি বলেন, ‘আতরবিবি’ চরিত্রটি তাঁর জন্য ছিল সম্পূর্ণ ভিন্নধর্মী এক অভিজ্ঞতা। চরিত্রটিকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করতে তাকে বিশেষ প্রস্তুতি নিতে হয়েছে। গত বছরের রোজার মাসে কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সিনেমাটির শুটিং শেষ করা হয় বলেও জানান তিনি।
‘আতরবিবিলেন’-এর গল্পে উঠে এসেছে এক প্রান্তিক নারীর জীবনসংগ্রাম। স্বাভাবিক ও সুন্দর জীবনের স্বপ্ন দেখা সত্ত্বেও বাস্তবতার কঠিন চাপে বারবার প্রতারিত হতে হয় আতরবিবিকে। সমাজের ভদ্রবেশী স্বার্থান্বেষী মানুষের বিরুদ্ধে তাঁর লড়াই এবং প্রতিকূলতার মধ্য দিয়ে এগিয়ে চলার গল্পই এই সিনেমার মূল উপজীব্য। এর মাধ্যমে প্রান্তিক নারীদের কঠিন বাস্তবতা ও সংগ্রামের চিত্র ফুটে উঠেছে পর্দায়।
নির্মাতা সূত্রে জানা গেছে, ঢাকার বিভিন্ন লোকেশনের পাশাপাশি দৌলতদিয়া যৌনপল্লি, রাজবাড়ী, গোয়ালন্দ ও ফরিদপুরের বিভিন্ন স্থানে সিনেমাটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে।
সুমি ছাড়াও সিনেমার বিভিন্ন চরিত্রে দেখা যাবে মুস্তফা প্রকাশ, রাশেদ মামুন অপু, আশীষ খন্দকার, এলিনা শাম্মী, সানজিদা মিলা, জয়রাজ, পারভেজ সুমন, ফরহাদ লিমন, কাজী উজ্জ্বল, সকাল, সীমান্তসহ আরও অনেককে।
- বিষয় :
- সিনেমা
- রাশেদ মামুন অপু
