১৪ বছর পর গানপোকা ব্যান্ডের প্রথম অফিশিয়াল গান
গানপোকা ব্যান্ডের সদস্যরা। ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ৩০ এপ্রিল ২০২৬ | ১৮:০৯
২০১১ সালে যাত্রা শুরু করে ব্যান্ডদল গানপোকা। এক যুগের বেশি সময়ের এই পথচলায় ব্যান্ডটি বিভিন্ন অনুষ্ঠানে উপহার দিয়েছে ১০টির বেশি মৌলিক গান। বিশেষ করে ‘হৃদয় পিঞ্জিরার পোষা পাখি’ তুমুল শ্রোতাপ্রিয় হওয়ার পাশাপাশি জনপ্রিয়তা পেয়েছে অন্য গানগুলোও। অথচ এখনও এই ব্যান্ডের কোনো গানের অফিশিয়াল রেকর্ড বা স্টুডিও ভার্সন নেই। এবার তারা প্রথম অফিশিয়াল মিউজিক ভিডিও প্রকাশের ঘোষণা দিয়েছে।
পহেলা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে গানপোকা নিয়ে আসছে ‘গতিজড়তা’ শিরোনামে একটি গান। গানটির কথা লিখেছেন চঞ্চল মাহমুদ। ভিডিও নির্মাণ করেছেন মাহমুদুল হাসান এবং অ্যানিমেশন করেছেন আলভী।
গানপোকা জানিয়েছে, যেহেতু তারা নিজেদের গানের শ্রমিক বলে পরিচয় দেন, তাই শ্রমজীবী মানুষের সঙ্গে সংহতি প্রকাশ করে প্রথম গান রিলিজের জন্য মে দিবসকে বেছে নিয়েছেন।
বর্তমানে পূর্ণাঙ্গ অ্যালবামের প্রচলন কমে আসায় গতিজড়তা গানটি তাদের অ্যালবামের প্রথম গান হিসেবে রিলিজ হচ্ছে। বাকি গানগুলো ধারাবাহিকভাবে মিউজিক ভিডিওসহ অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশ করা হবে বলে জানান ব্যান্ড ম্যানেজার নাসিবুর জীমান।
গানপোকার ভোকাল ও সুরকার রাশিদুজ্জামান রাশেদ বলেন, ‘গান যতক্ষণ পর্যন্ত আমাদের যাপন, অনুভব আর অন্তর্গত যন্ত্রণার খোঁজ দিতে না পেরেছে, ততক্ষণ পর্যন্ত কথা ও সুরের মিশ্রণে আমরা আমাদের অন্তর খুঁড়তে চেয়েছি। কাজটা সহজ না; তাই নিজেদের ভেতর নিজেদেরই বিলীন হওয়ার জন্য যথেষ্ট সময় দিতে হয়েছে।’
আরেক ভোকাল মিথুন হাসান বলেন, ‘আমাদের গান আমরা রেকর্ড করার আগেই অনেকে রেকর্ড করে নিয়েছেন। নিজেদের গান বলে প্রচারও করেছেন কেউ কেউ। এমনকি সেই গানের কপিরাইট নিয়েও বেশ ঝক্কিঝামেলা পোহাতে হয়েছে আমাদের। আমরা শিল্পীদের সঙ্গে কোনো ধরনের বিরূপ সম্পর্ক তৈরি করতে চাই না। আমাদের গানগুলোর অফিশিয়াল রেকর্ড থাকাটা তাই জরুরি। তাই নেমে পড়লাম রেকর্ডিংয়ে।’
- বিষয় :
- ব্যান্ড দল
- গান
- সংগীতশিল্পী
- সংগীত
