ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নায়িকা মৌসুমীর বিয়ের গুঞ্জন, সেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ দেখানো হবে সিনেমা হলে

নায়িকা মৌসুমীর বিয়ের গুঞ্জন, সেই ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ দেখানো হবে সিনেমা হলে
×

হাসান জাহাঙ্গীর ও মৌসুমী। পরিচালকের সৌজন্যে।

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ মে ২০২৬ | ১৫:৩৫ | আপডেট: ০৩ মে ২০২৬ | ১৫:৩৭

দুই বছর আগে সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে নির্মাতা-অভিনেতা হাসান জাহাঙ্গীর ও জনপ্রিয় অভিনেত্রী  মৌসুমীর বিয়ের খবর। বিষয়টি নিয়ে তুমুল আলোচনা তৈরি হলেও তখনই দুজনই স্পষ্ট করে জানান—এটি বাস্তব নয়, বরং তাদের অভিনীত একটি প্রজেক্ট ঘিরেই এই গুঞ্জন ছড়িয়েছে।

সেই প্রজেক্টটির নাম ছিল ‘কন্ট্রাক্ট ম্যারেজ’। শুরুতে এটি ওয়েব সিরিজ হিসেবে নির্মিত হলেও শেষ পর্যন্ত সিনেমা হিসেবেই দর্শকের সামনে আসছে। আগামী ১৫ মে দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কন্ট্রাক্ট ম্যারেজ’।

২০২৩ সালে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল এই প্রজেক্টের শুটিং। অভিনয়ের পাশাপাশি সিনেমাটি পরিচালনা ও প্রযোজনা করেছেন হাসান জাহাঙ্গীর নিজেই। নির্মাতার ভাষ্য অনুযায়ী, এটি একটি সাসপেন্স-থ্রিলারধর্মী গল্প, যার কেন্দ্রে রয়েছে মৌসুমীর চরিত্র।

গল্পে দেখা যাবে-বাংলাদেশের এক নারী উন্নত জীবনের আশায় যুক্তরাষ্ট্রে গিয়ে একটি ‘কন্ট্রাক্ট ম্যারেজ’-এ জড়িয়ে পড়েন। এরপর শুরু হয় তার জীবনের কঠিন বাস্তবতার মুখোমুখি হওয়া। কখনো আবেগঘন, কখনো তীব্র সংকটময় পরিস্থিতির মধ্য দিয়ে এগোবে কাহিনি।

গত মার্চে চলচ্চিত্রটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ছাড়পত্র পেয়েছে। নির্মাতা জানিয়েছেন, দেশের পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডাসহ আরও কয়েকটি দেশে মুক্তির পরিকল্পনা রয়েছে।

হাসান জাহাঙ্গীর বলেন, ‘বিদেশে গিয়ে অনেক সময় মানুষ আপনজন থেকে দূরে সরে যায়, ভুল বোঝাবুঝির শিকার হয়। এমন এক বাস্তবতা নিয়েই এই গল্প। একজন নারী কীভাবে নানা প্রতিকূলতার মধ্যেও নিজের সততা ও মর্যাদা ধরে রাখে—সেটাই তুলে ধরা হয়েছে।’

তিনি আরও জানান, গল্পে একজন নারী, তার মাতৃভূমি এবং পরিচয়ের টানাপোড়েনকে গুরুত্ব দেওয়া হয়েছে। মানবাধিকার ও নারীর সম্মানকে সামনে রেখেই নির্মিত হয়েছে সিনেমাটি।

তবে সিনেমা মুক্তির আগেই সমালোচকদের উদ্দেশে কিছুটা কড়া বার্তাও দিয়েছেন নির্মাতা। তিনি বলেন, ‘গঠনমূলক সমালোচনা আমরা স্বাগত জানাই। কিন্তু উদ্দেশ্যমূলক অপপ্রচার, ট্রল বা বিভ্রান্তিকর কনটেন্ট ছড়ানো হলে তা নজরদারির আওতায় আনা হবে।’

উল্লেখ্য, ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ দিয়ে প্রায় দুই বছর পর বড় পর্দায় ফিরছেন মৌসুমী। তার অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ছিল ২০২৪ সালের ‘সোনার চর’।

আরও পড়ুন

×