ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা

আজীবন সম্মাননা পাচ্ছেন সুচন্দা
×

অভিনেত্রী সুচন্দা। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৭:৩৪ | আপডেট: ০৪ মে ২০২৬ | ১৭:৪৮

ঢাকাই সিনেমার স্বর্ণালি সময়ের উজ্জ্বল নক্ষত্র, জীবন্ত কিংবদন্তি অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা পাচ্ছেন আজীবন সম্মাননা। বাংলাদেশ ইনস্টিটিউট অব ফিল্ম অ্যান্ড আর্টস (বাইফা) অ্যাওয়ার্ডের পঞ্চম আসরের জমকালো আয়োজনে তাকে এই বিশেষ স্বীকৃতি দেওয়া হবে।

বাইফার এবারের আসরে সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারটি নিজ হাতে গ্রহণ করবেন বলে জানিয়েছেন সুচন্দা। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালকমণ্ডলীর সদস্য মাসিদ রণর হাত থেকে ‘বাইফা সিজন ৫’-এর উপহার বক্স গ্রহণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সম্মাননা গ্রহণের সম্মতি দেন তিনি। 

নিজের প্রতিক্রিয়ায় সুচন্দা বলেন, ‘দীর্ঘ সময় ধরে নিষ্ঠার সঙ্গে অভিনয় করেছি। প্রযোজনা ও পরিচালনার সঙ্গেও যুক্ত ছিলাম। অনেকদিন অভিনয় থেকে দূরে থাকলেও নতুন প্রজন্ম আমাকে মনে রেখেছে—এটাই সবচেয়ে বড় প্রাপ্তি। বাইফার সঙ্গে তরুণদের স্বপ্ন জড়িয়ে আছে। তারা যখন আমাকে এই সম্মাননার কথা জানায়, খুব ভালো লেগেছে। তাই এর আগে অনেক পুরস্কার গ্রহণে অনীহা থাকলেও এই সম্মাননা আমি আনন্দের সঙ্গে গ্রহণ করছি।’

 বাইফার পক্ষ থেকে সুচন্দার হাতে উপহার বক্স তুলে দিচ্ছেন মাসিদ রণ

আগামী ৮ মে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর হল অব ফেমে বসবে ‘বাইফা সিজন ৫’-এর বর্ণাঢ্য আসর। মোট ২৯টি ক্যাটাগরিতে সরাসরি দর্শক ভোট ও জুরি বোর্ডের রায়ে গান, নাচ, ফ্যাশন, নাটক, ওটিটি এবং চলচ্চিত্রের সেরা শিল্পীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার।

অনুষ্ঠানে থাকছে জনপ্রিয় তারকাদের মনোমুগ্ধকর পরিবেশনা, ফ্যাশন শো, রেড কার্পেট এবং গ্ল্যামারাস নানা আয়োজন।

উল্লেখ্য, বাইফা অ্যাওয়ার্ডের তৃতীয় আসর থেকে আজীবন সম্মাননা প্রদান শুরু হয়। এর আগে এই সম্মাননায় ভূষিত হয়েছেন রুনা লায়লা, শামীম আরা নীপা এবং শিবলী মহম্মদ। এবার সেই সম্মাননার তালিকায় যুক্ত হচ্ছেন সুচন্দা।

আরও পড়ুন

×