ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ওমর সানী-মৌসুমীর অভিযোগের পর কীসের ইঙ্গিত দিলেন নির্মাতা

ওমর সানী-মৌসুমীর অভিযোগের পর কীসের ইঙ্গিত দিলেন নির্মাতা
×

মৌসুমী ও ওমর সানী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৪ মে ২০২৬ | ১৯:৫৭ | আপডেট: ০৪ মে ২০২৬ | ২১:০৯

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী অভিনীত ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ ছবিটি মুক্তির আগেই চরম বিতর্কের মুখে পড়েছে। আগামী ১৫ মে ছবিটি বড় পর্দায় আসার কথা থাকলেও এর কঠোর বিরোধিতা করেছেন খোদ অভিনেত্রী এবং তাঁর স্বামী ওমর সানী। তাদের দাবি, সিনেমা হিসেবে নয়; বরং এটি একটি ছোট পর্দার নাটকের জন্য শুটিং করা হয়েছিল।

সম্প্রতি এক ভিডিওবার্তায় ওমর সানী বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রে থাকাকালীন একটি নাটকের পাণ্ডুলিপি ভেবেই মৌসুমী কাজটিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন। কিন্তু এখন সেটিকে ‘কাটপিস’ যোগ করে সিনেমা হিসেবে মুক্তি দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যা দর্শক চাহিদার পরিপন্থি। সানী স্পষ্টভাবে এই ছবির মুক্তি বন্ধের দাবি জানিয়েছেন।

একই ভিডিওতে নিজের অবস্থান তুলে ধরেন মৌসুমী। তিনি জানান, নির্মাতার অনুরোধে তিনি যুক্তরাষ্ট্রে একটি এক ঘণ্টার নাটকে কাজ করতে রাজি হন এবং কয়েক দফায় শুটিংও করেন। পরে নির্মাতা তাঁকে জানান, ফুটেজ বেশি হওয়ায় এটি টেলিছবি হিসেবে মুক্তি দেওয়া হবে এবং সে অনুযায়ী পারিশ্রমিক নিয়েও আলোচনা হয়। কিন্তু পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, কাজটি সিনেমা হিসেবে মুক্তি পাচ্ছে এবং সেন্সর সনদও পেয়েছে–যা তাঁর কাছে বিস্ময়কর। 

মৌসুমীর অভিযোগ, তাঁর অজান্তেই কাজটিকে অন্যভাবে উপস্থাপন করা হয়েছে এবং তাঁকে ‘কাটপিসের মতো ব্যবহার’ করা হয়েছে, যা তিনি অনৈতিক বলে মনে করছেন।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে মৌসুমী চলচ্চিত্র সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন পরিচালক সমিতি, প্রযোজক সমিতি ও শিল্পী সমিতির হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যদিকে ওমর সানী জানিয়েছেন, বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন এবং এরই মধ্যে সংশ্লিষ্ট সংগঠনগুলোতে চিঠি পাঠিয়েছেন।

অন্যদিকে, নির্মাতা হাসান জাহাঙ্গীর পুরো বিষয়টিকে ভিন্নভাবে দেখছেন। তাঁর দাবি, মৌসুমীকে যথাযথভাবে সিনেমার সম্মানী দিয়েই প্রজেক্টে যুক্ত করা হয়েছিল। তিনি এমন ইঙ্গিত দিয়েছেন যে, মৌসুমীকে দিয়ে জোর করিয়ে এই প্রতিবাদী ভিডিওটি বানানো হয়েছে! তবে ওমর সানী ও মৌসুমী দম্পতি এই দাবি প্রত্যাখ্যান করেছেন।

এই পরিস্থিতিতে  ‘কন্ট্রাক্ট ম্যারেজ’ নির্ধারিত তারিখে মুক্তি পাবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শেষ পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়, তা জানতে অপেক্ষা করতে হবে ১৫ মে পর্যন্ত। উল্লেখ্য, মৌসুমীকে সর্বশেষ বড় পর্দায় দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়। 

এদিকে প্রায় তিন বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মৌসুমী। কবে দেশে আসবেন তা নিয়েও নিশ্চিত করে কিছু জানাননি তিনি। তবে গণমাধ্যমে তিনি জানান, আমি এখানে যে কাজে এসেছিলাম, তা অনেক আগে শেষ হয়ে গেছে। কিন্তু আম্মার কারণে এখন আসতে পারছি না। আম্মা অনেক দিন ধরে অসুস্থ, তাঁর দেখাশোনার বিষয়টা আছে।

আরও পড়ুন

×