হঠাৎ মৃত্যুর গুজব, দিল্লি থেকে রুনা লায়লার ক্ষোভ প্রকাশ
রুনা লায়লা। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৫:৫৯ | আপডেট: ০৫ মে ২০২৬ | ১৬:৩২
ভারতের দিল্লিতে মিনার–ই–দিল্লি পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে বর্তমানে সেখানে রয়েছেন উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা। এরই মধ্যে সামাজিক মাধ্যমে হঠাৎ ছড়িয়ে পড়ে তার মৃত্যুর খবর। এমন খবর দ্রুত ছড়িয়ে পড়লে দেশ-বিদেশে ভক্ত-অনুরাগীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও বিভ্রান্তি। তবে এই গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে নিশ্চিত করেছেন রুনা লায়লা।
নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রুনা লায়লা জানান, তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন।
তিনি লিখেছেন, ‘আমার মৃত্যু নিয়ে কিছু অদ্ভুত গুজব ছড়াচ্ছে, কিন্তু আমি স্পষ্ট করে জানাতে চাই, আমি সম্পূর্ণ সুস্থ ও সবল আছি।’
তিনি জানান, মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ার পর বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে অসংখ্য ফোন ও মেসেজ পেয়ে তিনি বিস্মিত, বিব্রত ও ক্ষুদ্ধ হয়েছেন।
পোস্টে ভক্তদের অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘কোনো তথ্য যাচাই ছাড়া যেন তা শেয়ার না করা হয়। এ ধরনের গুজব শুধু শিল্পী হিসেবে তাকেই নয়, তার পরিবার ও ঘনিষ্ঠজনদেরও মানসিকভাবে আঘাত করে।
ভুয়া তথ্য ছড়ানো অনাকাঙ্ক্ষিত ও দায়িত্বজ্ঞানহীন আচরণ। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভক্ত-অনুরাগীদের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতাও প্রকাশ করেন এই কিংবদন্তি সংগীতশিল্পী।
- বিষয় :
- রুনা লায়লা
- সংগীতশিল্পী
- সংগীত
- গুজব
