ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

হারিয়ে যাওয়া ফুটেজ উদ্ধার, ২৫ বছর পর ইরফান-বিদ্যার সেই সিনেমা মুক্তি

হারিয়ে যাওয়া ফুটেজ উদ্ধার, ২৫ বছর পর ইরফান-বিদ্যার সেই সিনেমা মুক্তি
×

বিদ্যা বালান ও ইরফান খান। ছবি: ইন্ডিয়া টুডে

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৫ মে ২০২৬ | ১৯:২৫

প্রয়াত অভিনেতা ইরফান খানের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘দ্য লাস্ট টেন্যান্ট’। প্রায় ২৫ বছর আগে নির্মিত এই সিনেমাটি তাঁর সঙ্গে অভিনয় করেছেন বিদ্যা বালান।

২০০০ সালে নির্মিত হলেও নানা জটিলতায় এতদিন মুক্তি পায়নি সার্থক দাশগুপ্ত পরিচালিত এই সাইকোলজিক্যাল থ্রিলারটি। ২৯ এপ্রিল ইউটিউবে মুক্তি দেওয়া হয়, যা মূলত ইরফান খানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, শুটিং শেষ হওয়ার পর মূল ফুটেজ হারিয়ে যাওয়ায় সিনেমাটি দীর্ঘদিন আটকে ছিল। পরিচালক প্রায় আশা ছেড়েই দিয়েছিলেন। তবে হঠাৎ একটি পুরনো ভিএইচএস কপি উদ্ধার হওয়ায় নতুন করে প্রাণ পায় ‘দ্য লাস্ট টেন্যান্ট’। এরপর সিনেমাটি পুনরুদ্ধার করে দর্শকের সামনে আনার সুযোগ তৈরি হয়।

নিজের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে সার্থক দাশগুপ্ত বলেন, নতুন পরিচালক হিসেবে কোনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ বা প্রযুক্তিগত সহায়তা ছাড়াই তিনি কাজটি করেছিলেন। ইরফানের প্রতি শ্রদ্ধা জানিয়ে ছবিটি মুক্তি দিতে পারা তার কাছে আবেগঘন মুহূর্ত।

অন্যদিকে বিদ্যা বালানও ‘দ্য লাস্ট টেন্যান্ট’ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার ভাষায়, ‘এত বছর পর সিনেমাটি দর্শকের কাছে পৌঁছানো অবাস্তব মনে হচ্ছে। ইরফানের সঙ্গে কাজের অভিজ্ঞতা আজ আরও মূল্যবান, কারণ এটিই তাঁদের একমাত্র যৌথ কাজ।’

সিনেমার গল্পে দেখা যায়, এক বিপর্যস্ত সঙ্গীতশিল্পী দেশ ছাড়ার আগে একটি পরিত্যক্ত বাড়িতে আশ্রয় নেয়। সেখানে স্মৃতি, সঙ্গীত আর রহস্যময় আবহে গড়ে ওঠে এক ভিন্নধর্মী অভিজ্ঞতা।

উল্লেখ্য, ২০২০ সালের ২৯ এপ্রিল মুম্বাইয়ে ক্যানসারের সঙ্গে লড়াই করে মারা যান ইরফান খান। তার স্মৃতিকে সামনে রেখেই বহু বছর পর দর্শকের কাছে পৌঁছাল এই হারিয়ে যাওয়া সিনেমা। সূত্র: ইন্ডিয়া টুডে ও আজকাল

আরও পড়ুন

×