ইন্ডাস্ট্রিতে আমাকে নিষিদ্ধ করার সময় কেউ পাশে দাঁড়ায়নি: রুদ্রনীল
রুদ্রনীল ঘোষ। ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৬ মে ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ০৬ মে ২০২৬ | ১৭:৪৮
২০২১ সালের বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর টালিউডে প্রবল সমালোচনা ও কটাক্ষের মুখে পড়েছিলেন রুদ্রনীল ঘোষ। এমনকি তাকে ঘিরে ‘বয়কট’ স্লোগান তুলে মিছিল হওয়ার ঘটনাও ঘটেছিল। তবে সেই সময় নীরব থাকলেও, সাম্প্রতিক নির্বাচনে জয় পাওয়ার পর মুখ খুললেন এই অভিনেতা-রাজনীতিবিদ।
তিনি জানান, অতীতে তাকে কার্যত নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু সেই সময় পাশে দাঁড়ানোর মতো কাউকে পাননি। তবুও প্রতিশোধের পথে হাঁটতে চান না তিনি।
তার ভাষায়, ‘আমি চাই সবাই কাজ পাক, যোগ্যতার ভিত্তিতেই সুযোগ আসুক।’

‘ব্যান সংস্কৃতি’ প্রসঙ্গে রুদ্রনীল বলেন, ‘টালিউড ইন্ডাস্ট্রিতে রাজনৈতিক প্রভাবে অনেক কিছুই নিয়ন্ত্রণ হয়েছে। কোন দলের প্রতিনিধির আঙুলের ইশারায় এই কাজগুলো হত, সেটা সবাই জানেন। সেই দলই যদি না থাকে, তা হলে এই সব বাধাও থাকবে না। তার পরেও একটা কথা বলব, গায়ে নিষিদ্ধের সিল না দিলেও আমাকে কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল। তখন তো কেউ আমার সমর্থনে টুঁ শব্দ করেনি। আমার পাশে এসেও দাঁড়ায়নি। তবে আমি তার প্রতিশোধ নেব না। মন থেকে চাইছি, সবাই কাজ পান।’
এদিকে প্রয়াত অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে চলা বিতর্কেও মত দেন রুদ্রনীল। তার অভিযোগ, যারা প্রতিবাদ মিছিলে অংশ নিয়েছেন, তাদের মধ্যেই কেউ কেউ এই ঘটনার জন্য দায়ী হতে পারেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন—এক মাস পেরিয়ে গেলেও এখনও কেন কাউকে গ্রেফতার করা হয়নি।
বিরোধী দলের হয়ে নির্বাচনে হেরেছেন নির্মাতা রাজ চক্রবর্তী। তার গায়ে কাদা, গোবরজল ছোড়া হয়েছে। বিষয়টি নিয়ে রুদ্রনীল বলেন, ‘রাজ চক্রবর্তী আমার বন্ধু। সিনেমা ইন্ডাস্ট্রিতে আমাদের যাত্রা শুরু একসঙ্গে। তাকে অপমানিত করা হয়েছে। রাজ এতটাই গুণী যে, ওর কোনও প্রয়োজন ছিল না পশ্চিমবঙ্গের মানুষ দুরবস্থার জন্য যে দলকে দুষছেন, তার সঙ্গে নিজেকে জড়ানো। রাজ এত কিছু বোঝে, এটা বুঝতে পারল না!’

তিনি আরও বলেন, ‘রাজ একের পর এক হিট ছবি করে গেছে। অন্য রাজনৈতিক দল করি বলে, কোনও একটি নির্দেশ মেনে ও আমাকে সেই ছবি বা সিরিজে নিতে পারেনি। এটাও তো ঘটনা। আগেও বলেছি, আবার বলছি, আমি কোনও মানুষকে তার রাজনৈতিক পরিচয় দেখে বিচার করি না। একা রাজ নয়, সবাই খোলা মনে কাজ করুন টলিউডে, নিজের দলের কাছে বারবার এই অনুরোধ জানিয়ে এসেছি। আর এটা শুধু টালিউড নয়, যে কোনও কর্মক্ষেত্রেই এই পরিবেশ চাই।’ সূত্র: আনন্দবাজার অনলাইন
- বিষয় :
- রুদ্রনীল ঘোষ
- বিনোদন
- টালিউড
- অভিনেতা
