চাবুকের আঘাত দেখে কান্নায় ভেঙে পড়েছিলেন মা: ওমর সানী
ওমর সানী ও তার মা
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১২:৩২
মাকে ভালোবাসতে কি আলাদা দিন লাগে? সম্ভবত প্রতিটি মানুষ প্রতিটা দিনই ভালোবাসে তার মাকে। জীবনের কর্মব্যস্ততায় হয়তো মুখ ফুটে বলা হয় না সে কথা। তবে মায়ের জন্যে যখন বিশেষ কোনো দিন সামনে আসে, তখনই মায়ের জন্য আকুল হয়ে ওঠে প্রাণ।
আজ বিশ্ব মা দিবস উপলক্ষে মায়ের স্মৃতি নিয়ে আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন নব্বই দশকের নায়ক ওমর সানী।
ওমর সানী তার ফেসবুক পোস্টে লিখেছেন, ১৯৯৫ সালে তিনি ও মৌসুমী বিয়ের কঠিন সিদ্ধান্ত নিয়েছিলেন। তখন তিনি ডিওএইচএস মহাখালীতে থাকতেন। পরিবার বিষয়টি কীভাবে নেবে তা নিয়ে উদ্বিগ্ন থাকলেও তাঁর মা এগিয়ে আসেন।
সানী জানান, তাঁর মা নিজে কাজি ডেকে তাদের বিয়ের ব্যবস্থা করেছিলেন এবং সেই থেকে আজ অবধি তাঁরা একসঙ্গেই আছেন।
২০০০ সালের ২৩ মে ওমর সানী তাঁর মাকে হারান। মে মাসের ৬ তারিখ এই অভিনেতার জন্মদিন হলেও মায়ের মৃত্যু মাস হওয়ায় দিনটি তিনি উদযাপন করতে পছন্দ করেন না। সানী লিখেছেন, মে মাস এলেই তিনি ভাষাহীন হয়ে পড়েন এবং জন্মদিনটি তাঁর কাছে বিবর্ণ মনে হয়।
ফেসবুক স্ট্যাটাসে মায়ের সঙ্গে একটি দুষ্প্রাপ্য ছবি শেয়ার করে সানী লিখেছেন, ‘আজ আমার মা দুনিয়াতে নেই। বিশ্ব মা দিবসে অসীম ভালোবাসা আমার মায়ের জন্য। মা আমি তোমাকে অনেক মিস করি।’
ক্যারিয়ারের শুরুর দিকের একটি ঘটনার কথা উল্লেখ করে ওমর সানী জানান, একবার শুটিংয়ে চাবুকের আঘাতে তাঁর পিঠ লাল হয়ে গিয়েছিল। রাতে বাসায় ফেরার পর তাঁর মা ছেলের অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন এবং পরিচালকের ওপর ক্ষোভ প্রকাশ করেন। সেই রাতে সানীর শরীরে প্রচণ্ড জ্বর আসলেও মায়ের ভালোবাসা তাঁকে শক্তি দিয়েছিল।
ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের এই জনপ্রিয় নায়ক জানান, তাঁর ক্যারিয়ার এবং ব্যক্তিজীবনের প্রতিটি কঠিন পরিস্থিতিতে মা ছায়ার মতো পাশে ছিলেন। মা দিবসকে সামনে রেখে সেই পুরনো দিনের স্মৃতিগুলো তাঁকে আবারও আবেগপ্রবণ করে তুলেছে।
- বিষয় :
- ওমর সানী
