ঈদে আসছে বালামের গানের ভিডিও
বালাম। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ মে ২০২৬ | ১৩:৪৫
এক যুগ পর নতুন অ্যালবাম নিয়ে ফিরেছেন দেশের তারকা সংগীতশিল্পী বালাম। নতুন এই অ্যালবামের নাম ‘মাওলা’। গেল কয়েক বছর ধরে একক গান প্রকাশের মাধ্যমে শ্রোতার সঙ্গে সংযোগ ধরে রাখলেও এবার পূর্ণাঙ্গ অ্যালবাম নিয়েই হাজির হয়েছেন তিনি। গত ঈদুল ফিতরে অ্যালবামের চারটি গান প্রকাশ হয়েছে।
আগামী ঈদে অ্যালবামের একটি গান ভিডিও আকারে প্রকাশ করা হবে, আর সেটিই হচ্ছে ‘মাওলা’। ‘মাওলা মাওলা মাওলা/তুই পানা দেরে মাওলা’-এমন কথার গানটি যৌথভাবে লিখেছেন রশিদ নিউটন ও বালাম। শিগগিরই নেপালে গানটি চিত্রায়ণ শুরু হবে। এটি নির্মাণ করবেন তানিম রহমান অংশু।
নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে বড় আয়োজনে গানের ভিডিও নিয়ে আসছেন বালাম। জানা গেছে, ‘মাওলা’ হবে তাঁর পঞ্চম একক অ্যালবাম। এতে থাকবে ছয়টি গান, আর প্রতিটি গানই হবে ভিন্ন ধাঁচের। তবে সব গানের মূল আকর্ষণ থাকবে মেলোডি। অ্যালবামের শিরোনাম গান ‘মাওলা’ তৈরি হয়েছে সুফি ঘরানায়, যা বালামের সংগীতজীবনে এক নতুন অভিজ্ঞতা।
অ্যালবাম প্রসঙ্গে বালাম বলেন, ‘‘অনেক দিন পর আবার সিরিয়াসভাবে গান করছি। কয়েক বছর ধরে সিঙ্গেল গান প্রকাশ করেছি, কিন্তু আমার মনে হয়েছে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম শিল্পীর নানা রং একসঙ্গে তুলে ধরতে পারে। শ্রোতারাও বৈচিত্র্য খুঁজে পান। ‘মাওলা’ অ্যালবামে সেই বৈচিত্র্য রাখার চেষ্টা করেছি। এখানে বিভিন্ন বয়স ও পছন্দের শ্রোতার জন্য আলাদা আবহ থাকবে। গান শুধু শোনার বিষয় নয়, দেখারও। শ্রোতার মন ভরাতে হলে গানের ভিডিও খুবই প্রয়োজন বলে মনে করি। এ কারণে আমার তরফ থেকে দর্শকের জন্য ঈদ উপহার হিসেবে ‘মাওলা’ গানটি ভিডিও প্রকাশে সিদ্ধান্ত নিয়েছি। এখন গান প্রকাশের প্রস্তুতি নিয়েই ব্যস্ত সময় কাটছে।’’
তিনি আরও বলেন, ‘মাওলা’ গানটি আমার জন্য খুব বিশেষ। কভিডের সময়ের কিছু উপলব্ধি থেকে গানটির ভাবনা এসেছে। পৃথিবীর অস্থিরতা, মানুষের ভেতরের শূন্যতা–এসব বিষয় আমাকে ভাবিয়েছে। সেই অনুভূতি থেকেই গানটি তৈরি। প্রথমবার সুফি ধারার গান করেছি। আশা করছি, শ্রোতারা নতুন এক বালামকে আবিষ্কার করবেন।
নতুন অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজনও করেছেন বালাম নিজেই। ভিডিওটির নির্মাণেও থাকছে বিশেষ চমক।
সংগীতজীবনের শুরু থেকে শ্রোতার কাছে আলাদা জনপ্রিয়তা পেয়েছেন বালাম। তাঁর প্রকাশিত চারটি একক অ্যালবাম ‘বালাম’ [২০০৭], ‘বালাম ২’ [২০০৮], ‘বালাম ৩’ [২০১০] ও ‘ভুবন’ [২০১৩] থেকে বেরিয়ে এসেছে অসংখ্য শ্রোতাপ্রিয় গান। এর মধ্যে ‘এক মুঠো রোদ্দুর’, ‘নেশা’, ‘একাকী মন’, ‘তোমার জন্য’, ‘নূপুর বাজে’, ‘সঙ্গী হবে কি’, ‘রিমঝিম’ ও ‘অপরূপা’ এখনও শ্রোতার মুখে ফিরে।
- বিষয় :
- বালাম
- সংগীতশিল্পী
