সমাজে বেঁচে থাকার লড়াইয়ের গল্প নিয়ে ওটিটিতে আসছেন মাধুরী
মাধুরী দীক্ষিত। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ১৬ মে ২০২৬ | ১৭:৪৭ | আপডেট: ১৬ মে ২০২৬ | ১৮:২৩
মাধুরী দীক্ষিত। কোটি দর্শকের প্রিয় এক অভিনেত্রীর নাম। আশির দশকের শেষ প্রান্ত থেকে ২০০৫ পর্যন্ত বলিউডে রাজত্ব করে গেছেন এই অভিনেত্রী। সৌন্দর্য আর অনবদ্য অভিনয় দিয়ে অনেকের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন মাধুরী। মাঝে দীর্ঘ সময় অভিনয় থেকে দূরে থাকলেও তাঁর জনপ্রিয়তায় ভাটা পড়েনি।
বলিউডে এখন তিনি প্রাসঙ্গিক। সে কারণে নন্দিত এই অভিনেত্রীর জন্মদিন অন্যরকমভাবে উদযাপন করার উদ্যোগ নিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স। ঘোষণা দিয়েছে, আগামী ৪ জুন মাধুরী দীক্ষিতের ৫৯তম জন্মদিনে এই বলিউড সুপারস্টারের নতুন সিনেমা মুক্তি দেবে তারা।
এ খবরের পাশাপাশি বলিউড হাঙ্গামা, আজকালসহ ভারতের একাধিক সংবাদ মাধ্যম থেকে জানা গেছে, মাধুরী দীক্ষিত অভিনীত ‘মা-বেহেন’ নামে ওয়েব সিনেমাটি পরিচালনা করেছেন সুরেশ ত্রিবেনী। এই নির্মাতার সঙ্গে যৌথভাবে কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন পূজা তোলানি।

সিনেমার বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি, রবি কিষাণ, ধর্না দুর্গা, অরুন্ধয় সিং, গীতাঞ্জলি কুলকার্নি, শারদুল ভারদ্বাজ, রমা শর্মা প্রমুখ।
‘মা-বেহেন’ সিনেমার কাহিনি গড়ে উঠেছে, অনাকাঙ্ক্ষিত ঘটনায় দিশেহারা হয়ে পড়া কয়েকজন নারীকে কেন্দ্র করে; যারা দিনমান পরিবার ও সমাজে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে। রেখা তাদেরই একজন, যার জীবন একটি অপ্রত্যাশিত মোড় নেয় যখন তাঁর রান্নাঘরে একটি মৃতদেহ উপস্থিত হয়।
কৌতূহলী প্রতিবেশীদের সঙ্গে মোকাবিলা করার সময় এবং একাধিক বিশৃঙ্খল ঘটনার সঙ্গে গোপনীয়তা লুকানোর জন্য তাঁকে তাঁর দুই কন্যা জয়া এবং সুষমার সঙ্গে দলবদ্ধ হতে বাধ্য করা হয়। এরপর কাহিনি মোড় নিতে থাকে ভিন্ন দিকে।

মাধুরীর কথায়, ‘মা-বেহেন’ ভিন্ন ধাঁচের কাহিনি, যার চরিত্রগুলোয় মিশে আছে চেনা জগতের ছায়া। নির্মাণেও আছে সময়ের ছাপ, যা সহজেই দর্শক মনোযোগ ধরে রাখবে। জন্মদিনে এই সিনেমার মুক্তি, তাঁর জন্য এক বিশেষ উপহার।
