ঘরে বসে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’
ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৭ মে ২০২৬ | ১৮:৪৮ | আপডেট: ১৭ মে ২০২৬ | ১৯:০১
ঈদুল ফিতরে মুক্তির পর দর্শক মহলে ব্যাপক আলোচনায় থাকা সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। ২৪ মে থেকে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এ সিনেমাটি মুক্তি পাবে।
প্রযোজনাসংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, প্রেক্ষাগৃহে দীর্ঘদিন সফলভাবে চলার পর সিনেমাটিকে ডিজিটাল প্ল্যাটফর্মে আনার পরিকল্পনা আগেই নেওয়া হয়েছিল। সেই পরিকল্পনার অংশ হিসেবেই এবার ঘরে বসে দর্শকরা উপভোগ করতে পারবেন আলোচিত এ সিনেমা। তবে ওটিটিতে মুক্তি পেলেও দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে সিনেমাটির প্রদর্শনী অব্যাহত থাকবে বলে জানা গেছে।
পরিচালক তানিম নূর নির্মিত এ সিনেমাটি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত। সাহিত্যনির্ভর গল্প, শক্তিশালী অভিনয় এবং ভিন্নধর্মী নির্মাণশৈলীর কারণে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকদের নজর কাড়ে। বিশেষ করে পরিবারকেন্দ্রিক আবেগ, সম্পর্কের টানাপোড়েন এবং সময়ের বাস্তবতা ফুটিয়ে তোলার জন্য সিনেমাটি প্রশংসিত হয়েছে।
দেশের প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই বক্স অফিসে দারুণ সাফল্য পায় ‘বনলতা এক্সপ্রেস’। এখন পর্যন্ত বাংলাদেশে সিনেমাটির আয় ১৪ কোটি টাকার বেশি বলে জানা গেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার ও আরেফিন জিলানীসহ আরও অনেকে।
শক্তিশালী অভিনয়শিল্পীদের উপস্থিতি সিনেমাটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে মনে করছেন দর্শক ও সমালোচকরা। ওটিটিতে মুক্তির ঘোষণার পর সামাজিক মাধ্যমেও সিনেমাটি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
- বিষয় :
- বনলতা এক্সপ্রেস
- বিনোদন
- ঢালিউড
- ঈদের সিনেমা
