ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

কারিনা কায়সারের জানাজা সম্পন্ন, আজ দাফন

কারিনা কায়সারের জানাজা সম্পন্ন, আজ দাফন
×

কারিনা কায়সার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ: ১৮ মে ২০২৬ | ১২:২৮ | আপডেট: ১৮ মে ২০২৬ | ১২:৪৩

কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ দেশে ফেরার পর গতকাল রোববার রাজধানীতে তিনটি দফা জানাজা হয়েছে। আজ সোমবার সকালে মুন্সীগঞ্জের গজারিয়ায় আরেক দফা জানাজার পর তাঁর মরদেহ পারিবারিক জমিতে দাফন করা হবে।

লিভার-সংক্রান্ত জটিলতায় কয়েক দিন ধরে সংকটাপন্ন ছিলেন কারিনা। তাঁকে প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১১ মে রাতে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হয় ভারতের চেন্নাইয়ে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৫ মে তাঁর মৃত্যু হয়।

কারিনা কায়সারকে বহনকারী বিমানটি গতকাল বিকেল ৪টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে মরদেহ গ্রহণ করেন তাঁর বাবা জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় কায়সার হামিদ। বিমানবন্দর থেকে মরদেহ নিয়ে পরিবারের সদস্যরা বাসার উদ্দেশে রওনা দেন।

বাদ মাগরিব বনানী ডিওএইচএস মাঠে কারিনার প্রথম জানাজা এবং বাদ এশা বনানী দরবার শরিফে অনুষ্ঠিত হয় দ্বিতীয় জানাজা। এর পর রাত সাড়ে ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে তৃতীয় জানাজা সম্পন্ন হয়। তাঁকে শেষ বিদায় জানাতে কারিনার সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষীদের ঢল নামে। এতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম চৌধুরী, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, জামায়াতে ইসলামীর নেতা শফিকুল ইসলাম মাসুদ, এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ।

জানাজার আগে পরিবারের পক্ষ থেকে কারিনার জন্য দোয়া চেয়ে বক্তব্য দেন তাঁর বাবা কায়সার হামিদ ও মা লোপা কায়সার। কায়সার হামিদ বলেন, ‘আমার মেয়ে জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনের সঙ্গে ছিল, অন্যায়ের বিরুদ্ধে কথা বলত, তার প্রতিবাদী কণ্ঠ ছিল। ভুল হয়ে থাকলে আমার মেয়েকে সবাই ক্ষমা করে দেবেন।’

আরও পড়ুন

×