জায়েদ খানের কাঁধে নিউইয়র্ক মেয়র মামদানির হাত, জানা গেল কারণ
জোহরান কোয়ামে মামদানি ও জায়েদ খান
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ মে ২০২৬ | ১৬:০২ | আপডেট: ২৩ মে ২০২৬ | ১৬:৩০
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির বর্তমান মেয়র জোহরান মামদানির সঙ্গে দেখা গেলো ঢালিউড অভিনেতা জায়েদ খানকে। শুক্রবার রাত থেকে তাদের কয়েকটি ছবি নিয়ে রীতিমত চলছে আলোচনা। আজ আবশ্য বিষয়টি পরিস্কার করেছেন জায়েদ খান।
একটি পোস্টারে দেখা যায়, নায়কের কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছেন জোহরান মামদানি। পোস্টটি শেয়ার করে জায়েদ লিখেছিলেন, ‘আসলে কি হচ্ছে এটা? মেয়র জোহরান মামদানি আমার কাঁধে হাত রাখছে? চমৎকার!’
যুক্তরাষ্ট্র থেকে জায়েদ খান সমকালকে জানান, নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি তার সঙ্গে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির নাম ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত এই প্রজেক্টটি মূলত প্রবাসী বাংলাদেশিদের জীবন ও অভিজ্ঞতা নিয়ে নির্মিত।
তিনি আরও জানান, এই সিরিজের প্রথম পর্ব গত মার্চে মুক্তি পায়। দ্বিতীয় পর্ব মুক্তি পাবে ২৭ মে বাংলাদেশ সময় রাত নয়টায় ‘ঠিকানা বাংলাদেশ’-এর ইউটিউব ও ফেসবুক পেজে।

জায়েদ খান বলেন, ‘জোহরান মামদানি সরাসরি আমার সঙ্গে এই শর্টফিল্মে অভিনয় করেছেন। তার সঙ্গে কাজ করতে পারা শুধু আমার ব্যক্তিগত গর্ব নয়, আমি মনে করি, এটি বাংলাদেশের লাল-সবুজ পতাকারও গর্ব।’
জায়েদের মতে, বিশ্বজুড়ে পরিচিত একজন জনপ্রিয় ও প্রভাবশালী মেয়র হওয়া সত্ত্বেও জোহরান মামদানি শুটিং সেটে ছিলেন অত্যন্ত আন্তরিক। অভিনয়ের সময় তিনি বারবার পরিচালকের নির্দেশনা অনুসরণ করার চেষ্টা করেছেন। কাজটি করতে গিয়ে মনে হয়েছে, তিনি পুরো বিষয়টি উপভোগ করেছেন।’
- বিষয় :
- জায়েদ খান
- জোহরান মামদানি
