ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

শেখেন ফাইট, আহত হন শুটিংয়ে- সেই সিনেমার মুক্তিতে নিরব নায়িকা

শেখেন ফাইট, আহত হন শুটিংয়ে- সেই সিনেমার মুক্তিতে নিরব নায়িকা
×

পূজা চেরি। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৬ মে ২০২৬ | ১৪:৩৩ | আপডেট: ২৬ মে ২০২৬ | ১৫:০৩

অনেক অপেক্ষার পর বড় পর্দায় আসছে জনপ্রিয় স্পাই চরিত্র ‘মাসুদ রানা’। ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে সৈকত নাসির পরিচালিত সিনেমাটি। ইতোমধ্যে সীমিত পরিসরে শুরু হয়েছে প্রচারণা। নাম ভূমিকায় অভিনয় করেছেন রাসেল রানা। তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন পূজা চেরি ও সৈয়দা তিথি অমনি।

সিনেমাটিতে ‘সোহানা’ চরিত্রে দেখা যাবে পূজা চেরিকে। তবে মুক্তির ঠিক আগে সিনেমাটির প্রচার-প্রচারণায় কোথাও দেখা মিলছে না এই নায়িকার। সামাজিকমাধ্যমেও ‘মাসুদ রানা’ নিয়ে কোনো পোস্ট বা প্রচারণামূলক কনটেন্ট শেয়ার করেননি তিনি।

অথচ গেল ঈদে মুক্তি পাওয়া ‘দম’ সিনেমার প্রচারণা এখনও চালিয়ে যাচ্ছেন পূজা। সম্প্রতি ওটিটিতে মুক্তির পরও সিনেমাটি নিয়ে একাধিক পোস্ট করেন নিজের ফেসবুক ওয়ালে।

‘মাসুদ রানা’র শুটিংয়ের সময় পূজা চেরি জানান, এই সিনেমার জন্য দীর্ঘদিন ফাইট ট্রেনিং নিয়েছেন তিনি। সোহানা চরিত্রটি বিশ্বাসযোগ্য করে তুলতে সর্বোচ্চ চেষ্টাও করেন। তার ভাষ্য ছিল, 'দর্শক এই সিনেমায় একেবারেই নতুন এক পূজাকে দেখতে পাবেন।'

২০২১ সালে ঢাকার অদূরে টাঙ্গাইলে ‘মাসুদ রানা’র শুটিংয়ে আহত হন পূজা চেরি। মূলত একটি মারপিটের দৃশ্যে অংশ নিতে গিয়ে আঘাত পান তিনি। সে সময় পূজা বলেন,  ‘জীবনে যে কয়টি ছবিতে অভিনয় করেছি, সব কটিতেই শাড়ির আঁচল উড়িয়ে চলে এসেছি বলা যায়। এই প্রথম কোনো ছবিতে আমাকে বেশ পরিশ্রম করতে হয়েছে। তবে এতে আমার কোনো কষ্ট নেই। বরং আনন্দই লাগছে। এমনও মনে হচ্ছে, ব্যথা পেয়েছি তো কী হয়েছে! আরও ব্যথা পেলে সমস্যা হবে না। আমি চরিত্রের মধ্যে ডুবে থাকতে চাই। চ্যালেঞ্জিং সব চরিত্রে অভিনয় করতে ভালো লাগছে আমার।’

 এতো পরিশ্রম করে শুটিং করা সিনেমাটির মুক্তিতে পূজাকে পাওয়া যাচ্ছে না! বিষয়টি নিয়ে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানায়, পূজা চেরি সিনেমাটির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন। তিনি প্রচারণায় অংশ না নিলেও সিনেমার মুক্তি থেমে থাকবে না। তবে সিনেমাটির প্রচারণায় তার আরও সক্রিয় থাকা উচিত ছিল।

খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন পূজা চেরি। সেখানে একটি স্টেজ শোয়ে অংশ নেবেন তিনি। সামাজিকমাধ্যমে মালয়েশিয়া সফরের বিভিন্ন ছবিও প্রকাশ করছেন এই অভিনেত্রী।

পূজা চেরি অভিনীত ‘নাকফুলের কাব্য’ সিনেমাও কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল। তবে শেষ মুহূর্তে সিনেমাটির মুক্তি পিছিয়ে যায়। প্রযোজনা প্রতিষ্ঠান বেঙ্গল মাল্টিমিডিয়া জানিয়েছে, ঈদে ছবিটি আর আসছে না।

আলোক হাসান পরিচালিত ‘নাকফুলের কাব্য’ নির্মিত হয়েছে গ্রামীণ পটভূমিতে। নির্মাতার ভাষ্য, সমাজপতিদের রক্তচক্ষুকে উপেক্ষা করা এক প্রেম ও বিরহের গল্প উঠে আসবে সিনেমাটিতে। 

আরও পড়ুন

×