মনে হচ্ছিল ধরম জি আমার হাত ধরে মঞ্চে নিয়ে যাচ্ছেন—হেমা মালিনী
২৫ মে রাষ্ট্রপতির হাত থেকে ধর্মেন্দ্রর হয়ে এই সম্মান গ্রহণ করেন তার স্ত্রী ও বলিউড অভিনেত্রী হেমা মালিনী। ছবি: সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৭ মে ২০২৬ | ১৪:০৭ | আপডেট: ২৭ মে ২০২৬ | ১৫:০১
অসুস্থতার সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর ২০২৫ সালে প্রয়াত হন ভারতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র। মৃত্যুর পর তাকে পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত করার কথা ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। গত ২৫ মে রাষ্ট্রপতির হাত থেকে তার হয়ে এই সম্মাননা গ্রহণ করেন ধমেন্দ্রর স্ত্রী ও বলিউড অভিনেত্রী হেমা মালিনী।
মঙ্গলবার নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে এক জমকালো অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছ থেকে পদ্মবিভূষণ গ্রহণ করেন হেমা মালিনী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সরকারের শীর্ষ কর্মকর্তা, সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তি এবং ধর্মেন্দ্রের পরিবারের সদস্যরা।
সম্মাননা গ্রহণের সময় আবেগাপ্লুত হয়ে পড়েন হেমা মালিনী। পরে তিনি বলেন, 'ধর্মেন্দ্র শুধু একজন অসাধারণ অভিনেতা ছিলেন না, তিনি ছিলেন কোটি মানুষের আবেগ ও ভালোবাসার নাম। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান আজীবন স্মরণীয় হয়ে থাকবে।'
ভারত সরকার দেশটির শিল্প, সংস্কৃতি ও সমাজে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ধর্মেন্দ্রকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করে। দীর্ঘ কয়েক দশকের অভিনয়জীবনে তিনি অ্যাকশন, রোমান্স ও পারিবারিক- সব ধরনের চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন।

হেমা জানান, সম্মাননা নেওয়ার প্রতিটি মুহূর্তে তিনি স্বামীর উপস্থিতি অনুভব করেছেন। তার মনে হয়েছিল, ধরম জি যেন তার হাত ধরে মঞ্চে নিয়ে যাচ্ছেন, যেখানে তার পদ্মবিভূষণ সম্মান অপেক্ষা করছিল।
হেমা মালিনী আরও জানান, তিনি ধর্মেন্দ্রের অজস্র অনুরাগীর হয়ে এই সম্মান গ্রহণ করেছেন। তিনি ঈশ্বরের কাছে কৃতজ্ঞ, এমন একজন জীবনসঙ্গী তাকে দেওয়ার জন্য। তবে বাবার সম্মাননা পাওয়া নিয়ে এখনও পর্যন্ত নিরব সানি ও ববি।
১৯৬০-এর দশকে বলিউডে যাত্রা করা ধর্মেন্দ্র অভিনয় করেছেন ব্যবসাসফল ও কালজয়ী অনেক সিনেমায়। তার জনপ্রিয় ছবিগুলোর মধ্যে রয়েছে শোলে,
চুপকে চুপকে, সীতা অর গীতা।
বলিউডে ‘হি-ম্যান’ হিসেবে পরিচিত ধর্মেন্দ্র শুধু অভিনয় নয়, প্রযোজনা ও রাজনীতিতেও সক্রিয় ছিলেন। তার অভিনয়শৈলী ও ব্যক্তিত্ব তাকে ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় তারকায় পরিণত করে। সম্মাননা গ্রহণ অনুষ্ঠানের ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া ও আনন্দবাজার পত্রিকা
- বিষয় :
- ধর্মেন্দ্র
- পদ্মবিভূষণ
- হেমা মালিনী
