আইটেম থেকে রোমান্টিক, মালিকের গানের অ্যালবাম কতটা মনে ধরলো?
ছবি: সংগৃহীত
সমকাল ডেস্ক
প্রকাশ: ০২ জুন ২০২৬ | ১৭:৩৮ | আপডেট: ০৩ জুন ২০২৬ | ০২:২২
ঈদের ‘মালিক’ সিনেমা যাঁরা দেখেছেন, তাঁদের অনেকেরই অভিমত-সিনেমার গানগুলোই দারুণভাবে মনে দাগ কাটছে। অ্যাকশন আর আবেগের গল্পের পাশাপাশি এই সিনেমার সংগীত বিভাগ আলাদা করে দর্শকের নজর কাড়ছে। চারটি ভিন্ন স্বাদের গান নিয়ে সাজানো পুরো অ্যালবাম যেন সিনেমার প্রতিটি আবেগকে আলাদা আলাদা স্তরে তুলে ধরছে। কখনো আনন্দ, কখনো প্রেম, আবার কখনো তীব্র বেদনা ও উত্তেজনা। পুরো সংগীত বিভাগের দায়িত্বে ছিলেন আদিত রহমান।
সিনেমাটির প্রথম প্রকাশিত গান ‘গুলগুলি পিঠা’ একটি আইটেম ট্র্যাক, যেখানে কণ্ঠ দিয়েছেন মিলা ও প্রতিক হাসান। কথা লিখেছেন লুৎফর হাসান। ঈদের শুরুতেই মুক্তি পাওয়া এই গানটি দর্শকের মধ্যে তাৎক্ষণিক সাড়া ফেলে। সিনেমার শেষ অংশে এই গানের সঙ্গে দর্শকদের নাচতে দেখা যাওয়ার দৃশ্য নিয়েও তৈরি হয়েছে আলাদা আলোচনা। অনেক দর্শকের মতে, এবারের ঈদে উৎসবের আনন্দঘন গান হিসেবে এটি সবচেয়ে বেশি জায়গা করে নিয়েছে।
গানটি নিয়ে গীতিকার লুৎফর হাসান বলেন,‘এই গানটা তৈরি করা হয়েছিল পুরোপুরি উৎসবের উচ্ছ্বাস মাথায় রেখে। দর্শক যেভাবে গ্রহণ করেছে, সেটা আমাদের জন্য খুবই আনন্দের।’
এরপর আসে রোমান্টিক গান ‘দিলাম তোমায় কথা’। এই গানে কণ্ঠ দিয়েছেন দিলশাদ নাহার কণা ও পারভেজ খান। কথা লিখেছেন আসিফ ইকবাল। প্রেম ও আবেগে ভরা এই গানটি দর্শকের মধ্যে নরম এক অনুভূতি তৈরি করছে।
গানটি নিয়ে গীতিকার আসিফ ইকবাল বলেন,গানটি মূলত সম্পর্কের ভেতরের না বলা অনুভূতিগুলোকে সহজভাবে প্রকাশ করার চেষ্টা ছিল। দর্শক সেটার সঙ্গে যুক্ত হতে পারছে-এটাই সবচেয়ে বড় পাওয়া।
তৃতীয় গান ‘দরদি মায়া লাগাইসে’ ঘিরে তৈরি হয়েছে সবচেয়ে বেশি আবেগঘন আলোচনা। এতে কণ্ঠ দিয়েছেন দিত রহমান ও দোলা রহমান, কথা লিখেছেন রাকিব হাসান রাহুল। সিনেমা দেখে বের হয়ে দর্শকদের অনেকেই বলছেন, এটি যেন কষ্ট, ভালোবাসা আর হারানোর অনুভূতির এক মিশ্র প্রতিচ্ছবি।
সবশেষে রয়েছে সিনেমার টাইটেল ট্র্যাক ‘মালিক’। এই গানে কণ্ঠ দিয়েছেন তৌফিক আহমেদ ও দিগন্ত সামাদ, গীত লিখেছেন রাকিব হাসান রাহুল ও তৌফিক আহমেদ। অ্যাকশন দৃশ্যের সঙ্গে এই গানটি ব্যবহৃত হওয়ায় পুরো সিনেমার গতি ও উত্তেজনা আরও বেড়ে গেছে বলে মত দর্শকদের।
এই গানটি নিয়ে সংগীত পরিচালক আদিত রহমান বলেন,‘পুরো অ্যালবামটাকে আমরা আলাদা আলাদা আবেগে ভাগ করে সাজিয়েছি। প্রতিটি গান যেন গল্পের একটা নির্দিষ্ট অনুভূতিকে বহন করে—এটাই আমাদের মূল উদ্দেশ্য ছিল।’
- বিষয় :
- ঈদের সিনেমা
- নতুন গান
