আদালত পর্যন্ত গড়াল রণবীর ও এফডাব্লিউআইসিই-এর বিরোধ
রণবীর সিং। ছবি: ফেসবুক
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৩ জুন ২০২৬ | ১৬:৪৪
বলিউড অভিনেতা রণবীর সিং ও চলচ্চিত্রকর্মীদের সংগঠন ‘ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ’ (এফডাব্লিউআইসিই) এর মধ্যে চলমান বিরোধ আদালত পর্যন্ত গড়াল। ‘ডন ৩’ সিনেমা থেকে রণবীরের সরে দাঁড়ানোকে কেন্দ্র করে এফডাব্লিউআইসিই যে ‘নন-কোঅপারেশন’ নির্দেশনা জারি করেছিল, তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন অভিনেতা।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ২ জুন এফডাব্লিউআইসিই-এর কাছে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন রণবীর সিং। যদিও নোটিশে ঠিক কী দাবি করা হয়েছে, তা এখনো প্রকাশ্যে আসেনি। তবে বিষয়টি বলিউডের অন্যতম আলোচিত শিল্প-সংক্রান্ত বিরোধে নতুন মোড় এনে দিয়েছে।
বিতর্কের সূত্রপাত ‘ডন ৩’ থেকে রণবীর সিংয়ের সরে যাওয়ার খবরকে ঘিরে। সিনেমাটি পরিচালনা করছেন ফারহান আখতার, প্রযোজক হিসেবে তার সঙ্গে আছেন রিতেশ সিধওয়ানি।
এফডাব্লিউআইসিই-এর দাবি, ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি সংগঠনটির কাছে অভিযোগ করেন, প্রযোজনার গুরুত্বপূর্ণ পর্যায়ে এসে রণবীর প্রকল্পটি ছেড়ে দিয়েছেন।
তাদের ভাষ্যমতে, সিনেমাটির প্রি-প্রোডাকশনেই প্রায় ৪৫ কোটি রুপি ব্যয় হয়ে গেছে। ফলে অভিনেতার সরে যাওয়ার কারণে বড় ধরনের আর্থিক ক্ষতির ঝুঁকি তৈরি হয়েছে। এর পরই এফডাব্লিউআইসিই তাদের সদস্যদের উদ্দেশে নির্দেশনা জারি করে, যাতে রণবীর সিং জড়িত কোনো প্রকল্পে কাজ না করার আহ্বান জানানো হয়।
এফডাব্লিউআইসিই-এর উপদেষ্টা অশোক পণ্ডিত এক সংবাদ সম্মেলনে দাবি করেন, বিষয়টি নিয়ে একাধিকবার রণবীরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
তার ভাষায়, ‘আমাদের কোনো সদস্য বা কর্মী রণবীর সিংয়ের প্রকল্পে কাজ করবে না। আমরা প্রযোজকদেরও আহ্বান জানিয়েছি, তারা যেন এই বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেন।’
তবে ‘নিষেধাজ্ঞা’ শব্দটি নিয়ে সমালোচনা শুরু হলে পরে আশোক পণ্ডিত স্পষ্ট করেন, এটি আনুষ্ঠানিক ‘ব্যান’ নয়; বরং একটি অস্থায়ী ‘নন-কোঅপারেশন’ নির্দেশনা।
এফডাব্লিউআইসিই-এর ঘোষণার পর রণবীর সিং সরাসরি কোনো মন্তব্য না করলেও তার মুখপাত্রের মাধ্যমে একটি বিবৃতি দেন। সেখানে বলা হয়, অভিনেতা চলচ্চিত্র অঙ্গন এবং ‘ডন’ ফ্র্যাঞ্চাইজির সঙ্গে জড়িত সবার প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করেন।
বিবৃতিতে আরও বলা হয়, পেশাগত আলোচনা ও ব্যক্তিগত সম্পর্ক মর্যাদা, পরিপক্বতা এবং পারস্পরিক সম্মানের সঙ্গে পরিচালিত হওয়া উচিত বলে বিশ্বাস করেন রণবীর। তাই তিনি এ বিষয়ে নীরবতা বজায় রেখেছেন।
২০২৩ সালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় ‘ডন ৩’। সেই সময় একটি টিজারের মাধ্যমে নতুন ‘ডন’ হিসেবে রণবীর সিংকে পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে নানা কারণে ছবিটির কাজ বিলম্বিত হয় এবং ২০২৫ সালের শেষ দিকে প্রি-প্রোডাকশন শুরু হয়।
এখন এফডাব্লিউআইসিই-এর সঙ্গে আইনি সংঘাত এবং রণবীরের ভবিষ্যৎ অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হওয়ায় ‘ডন ৩’-এর ভাগ্য কোন দিকে মোড় নেয়, সেটিই দেখার বিষয়। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- রণবীর সিং
