ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক: শাকিব খান

কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক: শাকিব খান
×

শাকিব খান। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ জুন ২০২৬ | ১৪:৪০ | আপডেট: ০৫ জুন ২০২৬ | ১৪:৪৪

ঈদে মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘রকস্টার’ ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে চলা সমালোচনা ও নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে মুখ খুলেছেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা শাকিব খান। তার অভিযোগ, একটি স্বার্থান্বেষী গোষ্ঠী পরিকল্পিতভাবে বাংলা চলচ্চিত্রের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে।

মুক্তির প্রথম সপ্তাহ শেষে বৃহস্পতিবার (৫ জুন) রাতে রাজধানীর উত্তরায় অবস্থিত স্টার সিনেপ্লেক্স-এ ‘রকস্টার’ সিনেমার প্রচারণায় অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

শাকিব খান বলেন, একটি সিনেমা মুক্তির পর ইতিবাচক ও নেতিবাচক-দুই ধরনের প্রতিক্রিয়াই আসা স্বাভাবিক। কিন্তু ‘রকস্টার’-এর ক্ষেত্রে কেবল নেতিবাচক মন্তব্যগুলোই বেছে বেছে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে, যা তার কাছে বিস্ময়কর বলে মনে হয়েছে।

এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তুলে বলেন, শুধু নেগেটিভ রিভিউ কেটে কেটে প্রচার করা হলো কেন? এই আক্ষেপটা কার প্রতি? আমার প্রতি, প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতি, নাকি পুরো বাংলা সিনেমার প্রতি? বিষয়টা আমি বুঝতে পারিনি।

জনপ্রিয় এই অভিনেতার দাবি, বাংলা সিনেমা যখন নতুন ধরনের গল্প, নির্মাণশৈলী ও উপস্থাপনার মাধ্যমে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখনই একটি গোষ্ঠী সেটিকে পেছনের দিকে টেনে ধরতে চাইছে।

তার ভাষায়, ‘কিছু স্বার্থান্বেষী মহল চায় না বাংলা সিনেমার উন্নতি হোক। তারা চায় দর্শক পুরোনো ধাঁচের গল্প আর চেনা ছকের অ্যাকশনেই আটকে থাকুক। কিন্তু সময় বদলেছে, দর্শকের রুচিও বদলেছে। বাংলা সিনেমাও এখন নতুন পথে হাঁটছে।’

দীর্ঘ ২৭ বছরের ক্যারিয়ারে নানা ধরনের প্রতিকূলতা ও সমালোচনার মুখোমুখি হওয়ার অভিজ্ঞতার কথাও তুলে ধরেন শাকিব খান। তিনি বলেন, চলচ্চিত্রের শীর্ষ অবস্থানে পৌঁছানো যেমন কঠিন, সেখানে দীর্ঘদিন টিকে থাকাও কম চ্যালেঞ্জের নয়। তবে নেতিবাচক প্রচারণাকে তিনি তার পেশাগত জীবনেরই একটি অংশ হিসেবে দেখেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ও ইউটিউবভিত্তিক কনটেন্ট নিয়েও কথা বলেন এই তারকা। তার মতে, কিছু ইউটিউবার ও কনটেন্ট নির্মাতা সাময়িক ভিউ এবং আলোচনায় আসার জন্য বিভ্রান্তিকর ও নেতিবাচক তথ্য ছড়িয়ে থাকেন। তবে শেষ পর্যন্ত দর্শকরাই সঠিক মূল্যায়ন করেন।

শাকিব খানের ভাষ্য, মুক্তির দ্বিতীয় দিন থেকেই হলগুলোতে দর্শকের উপস্থিতি বেড়েছে। এটিই প্রমাণ করে, দিন শেষে দর্শক ভালো কাজকে গ্রহণ করেন। সত্যকে দীর্ঘদিন চাপা দিয়ে রাখা যায় না।
 

আরও পড়ুন

×