ভালোবাসার নতুন গল্পে কেয়া পায়েল
কেয়া পায়েল। ছবি: ফেসবুক
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৬ জুন ২০২৬ | ১৩:১৩
‘ছুঁয়ে দে আমায়’ নাটকের রেশ কাটতে না কাটতেই নতুন আরেকটি নাটকে দেখা মিলল তারকা অভিনেত্রী কেয়া পায়েলের। নাম ‘ডুব’। এর কাহিনি ও চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ। পরিচালনা করেছেন তৌফিকুল ইসলাম। নাটকে কেয়া পায়েলের বিপরীতে অভিনয় করেছেন মুশফিক ফারহান।
এর আগে ‘এখনো ভালোবাসি’, ‘ভুলোনা আমায়’, ‘সে আমার’, ‘আমাদের সুখ দুঃখ’, ‘পরাণ পাখি’, ‘হ্যালো গাইস’, ‘বিয়ের ডাল সাইড ইফেক্ট’, ‘দৌড়ের উপর বিয়ে’, ‘হৃদ মাঝারে’, ‘অনেকদিন পরে’, ‘পাগল তোর জন্য’সহ আরও বেশকিছু নাটকে জুটি বেঁধে দর্শক মনোযোগ কেড়েছিলেন তারা। এবার এই জুটি পর্দায় তুলে ধরেছেন ভালোবাসার নতুন গল্প।
এই নাটকে দেখা যাবে, ঢাকা নিবাসী তরুণ ব্যবসায়ী সাদ্দাম গ্রামে এসেছে বন্ধুর বিয়ে উপলক্ষে। গ্রামে এসে সে দেখা পায় শেফালি নামে এক তরুণীর। সে শেফালির সঙ্গে একা কথা বলার জন্য ব্যাকুল হয়ে ওঠে কিন্তু সুযোগ পায় না। তাই শেফালি যে পুকুরে গোসল করে, তাতে ডুব দেয় সাদ্দাম। কিন্তু মুখ তোলার পর সে সামনে দেখতে পায় আলোকে এবং ওদের দুজনকে আপাত দৃষ্টিতে আপত্তিকর ভঙ্গিতে দেখে ফেলে মসজিদ ফেরত কিছু মানুষ। অবধারিতভাবেই বিচার বসে। সে বিচারে আলো যতই বলুক সাদ্দামকে সে চেনে না, সাদ্দাম কিন্তু অস্বীকার করে না। কারণ, আলোকে তাঁর শেফালির চেয়েও বেশি ভালো লেগেছে। ফলে সাদ্দাম চাইতে থাকে, তাদের অপরাধ সাব্যস্ত হোক; তাদের বিয়ে দেওয়া হোক।
এমনই এক ভালোবাসার গল্প নিয়ে নির্মিত ‘ডুব’ নাটকটি দর্শকের জন্য সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়েছে।
নাটকটি অনেকের কাছে ভালো লাগবে বলে আশা প্রকাশ করেছেন অভিনেত্রী কেয়া পায়েল।
- বিষয় :
- কেয়া পায়েল
