অন্তর্দ্বন্দ্ব-খ্যাতি ও নিঃসঙ্গতাকে কেন্দ্র করে ম্যাডোনার ‘কনফেশন টু দ্য ফিল্ম’
ম্যাডোনা
আনন্দ প্রতিদিন ডেস্ক
প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৩:৫৭
চার দশকেরও বেশি সময় ধরে বিশ্ব পপসংগীতের অন্যতম প্রভাবশালী নাম ম্যাডোনা। প্রতিটি নতুন কাজেই নিজেকে ভিন্নভাবে উপস্থাপনের জন্য পরিচিত এই শিল্পী এবার হাজির হচ্ছেন ভিন্ন এক সিনেমাটিক প্রকল্প নিয়ে।
তাঁর বহুল প্রতীক্ষিত অ্যালবাম ‘কনফেশনস টু’ (কনফেশনস অন আ ডান্স ফ্লোর: পার্ট টু)-এর মুক্তির আগেই দর্শকদের জন্য প্রকাশ করা হচ্ছে ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কনফেশন টু দ্য ফিল্ম’।
আজ ট্রাইবেকা চলচ্চিত্র উৎসবে ছবিটির বিশ্ব প্রিমিয়ার অনুষ্ঠিত হবে। নিউইয়র্ক সিটির ঐতিহাসিক বেকন থিয়েটারে প্রথমবারের মতো এটি প্রদর্শিত হবে।
উৎসব কর্তৃপক্ষ জানিয়েছে, এটি কোনো সাধারণ মিউজিক ভিডিও সংকলন নয়; বরং একটি পূর্ণাঙ্গ দৃশ্যকাব্য। আসন্ন অ্যালবামের প্রথম ছয়টি গানকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে স্থান পেয়েছে ম্যাডোনার সাম্প্রতিক আলোচিত গান ‘আই ফিল সো ফ্রি’ এবং সাবরিনা কার্পেন্টারের সঙ্গে তার ডুয়েট ‘ব্রিং ইওর লাভ’।

গানগুলোকে একটানা দৃশ্যধারায় সাজিয়ে তৈরি করা হয়েছে এক মনস্তাত্ত্বিক যাত্রা। ডেভিড টোরো ও সলোমন চেজ পরিচালিত এই কাজটি মানুষের অন্তর্দ্বন্দ্ব, নিয়ন্ত্রণ বনাম আত্মসমর্পণ, খ্যাতি ও নিঃসঙ্গতার মতো বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। চলচ্চিত্রে ম্যাডোনাকে দেখা যাবে এক রহস্যময় ও বহুমাত্রিক চরিত্রে, যেখানে পপ তারকার জৌলুসের পাশাপাশি ফুটে উঠেছে সাধারণ মানুষের মতো হারিয়ে যাওয়ার আকাঙ্ক্ষাও।
সম্প্রতি টাইমস স্কয়ারের আকস্মিক পরিবেশনায় এবং কোয়াচেলা উৎসবে সাবরিনা কার্পেন্টারের সঙ্গে তাঁর উপস্থিতি ইঙ্গিত দিয়েছে নতুন এক ম্যাডোনার আগমনের। সেই ধারাবাহিকতায় ‘কনফেশন টু দ্য ফিল্ম’কেও দেখা হচ্ছে তার শিল্পীসত্তার নতুন অধ্যায় হিসেবে।
চলচ্চিত্রটির আরেকটি বড় আকর্ষণ তার তারকাবহুল কাস্ট। ম্যাডোনার কন্যা লর্ডেস লিওন ছাড়াও বিশেষ অতিথি শিল্পী হিসেবে রয়েছেন বেনেডিক্ট কাম্বারব্যাচ, কেট মস, জুলিয়া গার্নার, গোয়েন্ডোলিন ক্রিস্টি ও রিচার্ড ই. গ্র্যান্ট।
জানা গেছে, আজ সিনেমাটির প্রিমিয়ার শেষে উপস্থাপক জিমি ফ্যালনের সঙ্গে বিশেষ আলোচনায় অংশ নেবেন ম্যাডোনা। সূত্র: ভ্যারাইটি
- বিষয় :
- ম্যাডোনা
- ফিল্ম ফেস্টিভ্যাল
