ঢাকা সোমবার, ০৮ জুন ২০২৬

‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন’

‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন’
×

শাবনূর ও পূর্ণিমা। ছবি: ফেসবুক

সমকাল ডেস্ক

প্রকাশ: ০৮ জুন ২০২৬ | ১৪:৫৭

নব্বই দশকের বাংলা চলচ্চিত্রের সফল দুই নায়িকা শাবনূর ও দিলারা হানিফ পূর্ণিমা। দীর্ঘ ক্যারিয়ারে বাংলা সিনেমাপ্রেমীদের অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন এই দুই অভিনেত্রী। অভিনয়ের মাধ্যমে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তারা। আর অনবদ্য অভিনয়গুণে দুজনই শক্ত অবস্থানে জায়গা করে নিয়েছেন ইন্ডাস্ট্রিতে। এখন আর রূপালী পর্দায় দেখা যায় না তাদের।

সম্প্রতি শাবনূরের সঙ্গে কাটানো পুরোনো কিছু মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পূর্ণিমা। ভিডিওটি শেয়ার করে পূর্ণিমা লিখেছেন, ‘কিছু মানুষ শুধু তারকা নন, তারা মানুষের হৃদয়ে চিরকাল বেঁচে থাকেন। বাংলা চলচ্চিত্রের এক উজ্জ্বল নক্ষত্র শাবনূর আপু। পর্দার সাফল্যের বাইরেও তিনি একজন অসাধারণ মনের মানুষ।’

স্মৃতিকাতর হয়ে পূর্ণিমা যোগ করেন, ‘২-৩ বছর আগে তার সঙ্গে কাটানো এই মুহূর্তটি আজও আমার জীবনের সবচেয়ে স্মরণীয় স্মৃতিগুলোর একটি। বাংলা সিনেমায় আপনার অবদান যেমন অবিস্মরণীয়, তেমনি মানুষ হিসেবেও আপনি অসাধারণ।’

সবশেষে শাবনূরে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে পূর্ণিমা লেখেন, ‘আপনাকে বড় পর্দায় খুব মিস করি। ভালো থাকুন, সুস্থ থাকুন। অনেক শ্রদ্ধা ও ভালোবাসা।’

বছর তিনেক আগে স্বামী ও কন্যাকে সঙ্গে নিয়ে পূর্ণিমা সিডনি সফরে গিয়েছিলেন। এখবর শুনে পূর্ণিমাকে খুঁজে বের করে শাবনূর তার বাসায় আমন্ত্রণ জানান।

সেই সময় পূর্ণিমা বলেছিলেন, ‘একটা বিষয় পরিষ্কার করতে চাই, সবাই মনে করে আমাদের মধ্যে দা-কুমড়ো সম্পর্ক। কিন্তু মোটেও তা না। আমাদের দুজনের সম্পর্কটা ফুলের পাপড়ির মতো। শাবনূর আপা অভিনয়ের প্রতিষ্ঠান। আমাদের সবার অনুপ্রেরণা। যখন ইন্ডাস্ট্রিতে প্রথম এসেছি, নির্মাতারা শাবনূর আপার উদাহরণ দিয়ে সেভাবে কাজ চাইতেন আমাদের কাছে। কিন্তু আমরা আপার ধারেকাছেও ছিলাম না। আমি অনেকবার তাকে কপি করার চেষ্টা করেছি কিন্তু পারিনি। মানুষ হিসেবে তার তুলনা নেই।’

আরও পড়ুন

×