ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

পরিচালক ভারতীরাজা মারা গেছেন

পরিচালক ভারতীরাজা মারা গেছেন
×

ভারতীরাজার

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৬ | ১৪:৫৯ | আপডেট: ১০ জুন ২০২৬ | ১৫:০৪

তামিল সিনেমার পরিচালক, প্রযোজক ও অভিনেতা ভারতীরাজা মারা গেছেন। বুধবার চেন্নাইয়ের নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

ভারতীরাজার পরিবার সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন ভারতীরাজা। ২০২৫ সালের মার্চ মাসে ছেলে, অভিনেতা ও পরিচালক মনোজ বাহারাথিরাজার আকস্মিক মৃত্যু গভীরভাবে আঘাত করে ভারতীরাজাকে। ছেলের শোকে তার শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছিলো। অসুস্থতার কারণে একাধিকবার হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

১৯৪১ সালের ১৭ জুলাই তামিলনাড়ুর থেনি জেলার অল্লিনাগারামে জন্মগ্রহণ করেন ভারতীরাজা। তার আসল নাম ছিল চিন্নাসামি পেরিয়ামায়া থেভর। ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিল’ সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি।

‘ইয়াক্কুনার ইমায়াম’ (পরিচালকদের হিমালয়) নামে পরিচিত ভারতীরাজার ১৯৭৭ সালে ‘১৬ ভায়াথিনিলে’ চলচ্চিত্রের মাধ্যমে পরিচালনায় অভিষেক হয়। কমল হাসান ও শ্রীদেবী অভিনীত ছবিটিতে খল চরিত্রে ছিলেন রজনীকান্ত। মুক্তির পর এটি ব্যাপক ব্যবসাসফল হয় এবং আজও তামিল সিনেমার অন্যতম সেরা চলচ্চিত্র হিসেবে বিবেচিত।

ভারতীরাজার অধিকাংশ তামিল চলচ্চিত্রের শুটিং হতো স্টুডিও সেটে, আর গ্রাম ছিল কেবল গল্পের পটভূমি। ‘কিঝাক্কে পোগুম রেল’, ‘পুধিয়া ভারপুগাল’, ‘আলাইগাল ওইভাথিল্লাই’, ‘মান ভাসানাই’ ও ‘করুথাম্মা’সহ তাঁর বহু চলচ্চিত্র এই ধারার সাক্ষ্য বহন করে।

নতুন প্রতিভা আবিষ্কারেও তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। রাধিকা, রাধা, আম্বিকা ও রেবতীর মতো অভিনেত্রীদের তিনি চলচ্চিত্রে পরিচিত করে তোলেন। নারী চরিত্রগুলোকে শক্তিশালী ও স্বতন্ত্রভাবে উপস্থাপনের জন্যও তিনি প্রশংসিত। একই সঙ্গে শিবাজি গণেশন ও কমল হাসানের মতো প্রতিষ্ঠিত অভিনেতাদেরও নতুনভাবে তুলে ধরেছিলেন তিনি।

পরিচালনা থেকে দূরে সরে যাওয়ার পর অভিনয়ে মনোযোগ দেন ভারতীরাজা। ‘পান্ডাভার ভূমি’, ‘আয়ুধা এঝুথু’ এবং ধানুশ অভিনীত জনপ্রিয় চলচ্চিত্র ‘তিরুচিত্রম্বলাম’-এ তাঁর অভিনয় প্রশংসিত হয়। পর্দার সামনে কিংবা পেছনে—দুই জায়গাতেই তিনি নিজের স্বতন্ত্র ছাপ রেখে গেছেন।

ভারতীরাজা ছয়বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও পদ্মশ্রী সম্মানে ভূষিত হন। সূত্র: দ্য হিন্দু

আরও পড়ুন

×