‘লাইফলাইন’-এ মিমের দুর্গম যাত্রা
’লাইফলাইন’ এর একটি দৃশ্যে বিদ্যা সিনহা মিম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৪:৪৬ | আপডেট: ১১ জুন ২০২৬ | ১৪:৫৫
জীবন নামের যাত্রায় সময় কখনও কখনও প্রতিপক্ষ হয়ে ওঠে। এমন কিছুর মুখোমুখি করে ফেলে মানুষকে, যা হয়তো তার কল্পনাতেও ছিল না। মানুষকে অনেক কিছু করতে হয়, যা তিনি ভাবেননি কখনও। এমন আবেদন নিয়ে নির্মাতা কাজী আসাদ নির্মাণ করেছেন ওয়েব ফিল্ম ’লাইফলাইন’।
এই ফিল্মটির মাধ্যমে প্রথমবারের মতো দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে দেখা যাবে বিদ্যা সিনহা মিমকে। এতে তার সঙ্গে অভিনয় করেছেন রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত, আ খ ম হাসান, খায়রুল আলম সবুজ, নাজনীন হাসান চুমকি, আনিসা নূর আয়াত, ফাতেমাতুজ জোহরা ইভা।
গতকাল রাতে প্রকাশ পায় ‘লাইফলাইন’ ফিল্মের ট্রেলার, যেখানে দেখা যাচ্ছে বিদ্যা সিনহা মিম কাউকে খুঁজছেন। তার এই যাত্রায় সহযোগী রিজওয়ান পারভেজ। যিনি কঠিন রাস্তায় বাইকে করে মিমকে বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছেন এবং দুজন মিলে ঝগড়াও করছেন।

গল্প নিয়ে নির্মাতা কাজী আসাদ জানান, ভালোবাসার টানে মানুষ কত দূর যায়? আর কত কিছু হারানোর ঝুঁকি নিতে পারে? শহুরে মেয়ে অনন্যার দুর্গম যাত্রা কেন এবং এর শেষ কোথায়? এসব উত্তরের মধ্যে দিয়ে গভির কিছু অনুভূতির কথা বলার চেষ্টা করা হয়েছে।
তিনি বলেন, ‘সোশ্যাল ড্রামা ঘরানার এই গল্পটার মধ্যে সোশ্যাল আওয়ারনেসও আছে, ইমোশন আছে, এই বিষয়টা ফিল্ম মেকার হিসেবে আমার খুব ভালো লাগলো। এই গল্পটার মধ্যে সচেতনভাবে আমরা এমন কিছু বলতে চেয়েছি যেটা দর্শকের সঙ্গে সাথে নির্মাতার এক ধরনের যোগাযোগ তৈরি করে।’
অভিনেতা রিজওয়ান পারভেজ জানান, ‘লাইফলাইন’ দায়িত্ববোধের গল্প, ভালোবাসার গল্প, অনুভূতির গল্প। ভালোবাসার অনেক রূপ থাকে, এখানে একটা রূপ দেখানো হয়েছে। তিনি মনে করেন ফিল্মটি দর্শকদের নতুন বোধের জন্ম দেবে।

‘লাইফলাইন’ নিয়ে তিনি বলেন, ‘ফিল্মটির থিমেটিক পোস্টারটা যদি খেয়াল করেন, দেখবেন সেখানে বালু ঘরির মধ্যে অনন্যা চরিত্রটি বসে আছে। অর্থাৎ চরিত্রটি একটা সময়ের মধ্যে আছে বা একটা সময়ের মুখোমুখি যেটা সে ফেস করে এগিয়ে যেতে পারবে কিংবা পারবে না। সেটা জানতে হলে, সিনেমা দেখতে হবে।’
‘লাইফলাইন’ ফিল্ম নিয়ে চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি বলেন, ‘চরকি সবসময় দর্শকদের নতুন কিছু দিতে চেয়েছে, ‘লাইফলাইন’ সেই চেষ্টারই অংশ। এই গল্পে একটা নতুনত্ব আছে, চরিত্র এবং তাদের আচরণের মধ্যে আমাদের নিজস্বতা আছে। এই অরিজিনালিটিই আমাদের শক্তি বলে মনে করি।’
‘লাইফলাইন’–এর মাধ্যমে বিদ্যা সিনহা মিম প্রথমবারের মতো কাজ করলেন চরকির কোনো প্রজেক্টে। নির্মাতা কাজী আসাদ এর আগে চরকির জন্য অরিজিনাল সিরিজ ‘আধুনিক বাংলা হোটেল’ নির্মাণ করেছিলেন। এবার তিনি নার্মাণ করলেন অরিজিনাল ফিল্ম ’লাইফলাইন’। এর গল্প লিখেছেন মাহমুদুল হাসান টিপু , কাজী আসাদ, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন আসাদুজ্জামান আবীর ও কাজী আসাদ।
আগামী ২১ জুন ’লাইফলাইন’ ফিল্মটি মুক্তি পাবে চরকিতে।
- বিষয় :
- বিদ্যা সিনহা মিম
- ওটিটি প্লাটফর্ম
