২৪ বছর সংসারের পর বিচ্ছেদ, ফের এক হওয়ার গুঞ্জন স্পষ্ট করলেন সীমা
সোহেল খান ও সীমা সাজদেহ। ছবি: ইন্ডিয়া টুডে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১১ জুন ২০২৬ | ১৮:০৯
প্রেমের পর বিয়ে। এরপর ২৪ বছর সংসার করার পর আচমকা বিচ্ছেদ। বছর চারেক আগে বলিউড অভিনেতা-প্রযোজক সোহেল খান ও ফ্যাশন ডিজাইনার সীমা সাজদেহের জীবনের পথ আলাদা হয়ে গেছে। বিয়ে ভাঙা ও সম্পর্ক নিয়ে ফের কথা বলেছেন সোহেলের প্রাক্তন স্ত্রী সীমা। তার মতে, বিবাহবিচ্ছেদ মানেই শত্রুতা নয়। দুইজন আলাদা হয়ে গেলেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখা যায়।
সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর পুনর্মিলনের গুঞ্জন ছড়িয়ে পড়ে। ফিল্মিবিটকে দেওয়া এক সাক্ষাৎকারে সীমা বলেন, ‘মানুষ বুঝতে পারে না, সোহেল আর আমাকে একসঙ্গে দেখলেই নানা কিছু ভাবতে শুরু করে। আমি ২০ বছরেরও বেশি সময় ওই মানুষের সঙ্গে সংসার করেছি। আমাদের দুই সন্তান রয়েছে। তিনি আমার সন্তানদের বাবা, আর আমরা সব সময়ই একটি পরিবার হয়ে থাকব। এটাই বাস্তবতা।’
তিনি আরও বলেন, ‘অনেকেই ধরে নেয়, বিবাহবিচ্ছেদ হলে অবশ্যই শত্রু হয়ে যেতে হবে। কিন্তু বিষয়টি এমন নয়। বিচ্ছেদ মানেই শত্রু হয়ে যাওয়া নয়।’
বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে সীমার ভাষ্য, ‘বিবাহবিচ্ছেদ আসলে কখনোই সুন্দর কিছু নয়। প্রত্যেকেই বিভিন্ন ধাপের মধ্য দিয়ে যায়। রাগ থাকে, কষ্ট থাকে, শোকের সময়ও আসে। কিন্তু একসময় সবাই নিজেদের ছন্দ খুঁজে নেয়।’
সোহেলের সঙ্গে বর্তমান সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, ‘সত্যি বলতে, সোহেল আর আমি একদম ভালো আছি। আমরা খুব সুন্দরভাবে সহ-অভিভাবকত্ব (কো-প্যারেন্টিং) করছি। আমরা দুজনই আমাদের সন্তানদের ভীষণ ভালোবাসি।’
সীমা জানান, ছেলে নিরভান ও ইয়োহানের কারণে খান পরিবারের সঙ্গে তাঁর সম্পর্ক সব সময়ই থাকবে। তিনি বলেন, ‘আমি প্রায় ২৫ বছর ওই পরিবারের অংশ ছিলাম। শুধু বিচ্ছেদ হয়েছে বলেই সেই সম্পর্কগুলো একদিনে মুছে যায় না।’
সম্প্রতি পরিবারের ঘনিষ্ঠ বন্ধু কুমোদ রানির শেষকৃত্যানুষ্ঠানে খান পরিবারের সদস্যদের সঙ্গে উপস্থিত ছিলেন সীমা।
তিনি বলেন, ‘আমাদের সন্তানদের জন্য আমরা সব সময় একসঙ্গে থাকব। ওদের বাবা সোহেল, আর আমি ওদের মা। এই সম্পর্ক কোনো কাগজে-কলমে শেষ হয়ে যায় না।’
তবে পুনরায় এক হওয়ার সম্ভাবনা নিয়ে সরাসরি কিছু বলেননি সীমা। তার বক্তব্য থেকে স্পষ্ট, পারস্পরিক সম্মান ও সন্তানদের স্বার্থে তিনি এবং সোহেল বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চান।
উল্লেখ্য, ১৯৯৮ সালে তারা ভালোবেসে বিয়ে করেন। ২০২২ সালে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদের পথে হাঁটেন সীমা ও সোহেল। বর্তমানে বিক্রম অর্জুনের সঙ্গে সম্পর্কে রয়েছেন সীমা। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- সোহেল খান
- বিবাহ বিচ্ছেদ
