ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

চুপচাপ বসে ছিল গল্পটা, সেটা নিয়েই প্রেমের সিনেমা বানানোর ঘোষণা দিলেন রাজীব

চুপচাপ বসে ছিল গল্পটা, সেটা নিয়েই প্রেমের সিনেমা বানানোর ঘোষণা দিলেন রাজীব
×

আদনান আল রাজীব। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ১৬:৪৮ | আপডেট: ১২ জুন ২০২৬ | ১৬:৪৯

দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য প্রশংসিত বিজ্ঞাপন, নাটক ও ওটিটি কনটেন্ট উপহার দিলেও এবারই প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন নির্মাতা আদনান আল রাজীব। শুক্রবার সামাজিক মাধ্যমে নিজের এই স্বপ্নের কথা শেয়ার করে এক আবেগঘন পোস্টের মাধ্যমে আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন তিনি। 

সম্প্রতি তাঁর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘আলী’ কান চলচ্চিত্র উৎসবে বিশেষ সম্মাননা পাওয়ার পর সম্প্রতি লন্ডনের মর্যাদাপূর্ণ ‘এসএক্সএসডব্লিউ’ উৎসবে সেরা শর্ট ফিল্মের পুরস্কার জয় করেছে। আন্তর্জাতিক অঙ্গনে এই জয়জয়কারের মাঝেই এবার নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য সিনেমার ঘোষণা দিলেন তিনি। তবে আদনানের প্রথম সিনেমাটি অ্যাকশন বা থ্রিলার নয়, হতে যাচ্ছে একটি খাঁটি প্রেমের গল্প।
বিজ্ঞাপন নির্মাণের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে রাজীব সামাজিক মাধ্যমে লেখেন, ‘অ্যাডভার্টাইজিং ক্যারিয়ারের একেবারে শুরুর দিকে একটা প্রেমের গল্প বানিয়েছিলাম ‘কাছে আসার গল্প’। সেই সময়ের হিসেবে ওটাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় হিট। সেখান থেকেই মনের ভেতর একটা স্বপ্ন জন্মেছিল, কোনো একদিন একটা প্রেমের সিনেমা বানাব।’

ক্যারিয়ারে নানা চড়াই-উতরাই আর অভিজ্ঞতার কথা জানিয়ে তিনি বলেন, ‘স্বপ্নেরও বয়স বাড়ে। দেখতে দেখতে অনেক বছর কেটে গেল। এর মধ্যে অনেক গল্প বলেছি। অনেক চরিত্র এসেছে, আবার চলে গেছে। কিন্তু নিজের মতো করে একটা প্রেমের গল্প খুঁজে ফিরেছি সবসময়। এমন একটা গল্প, যেটা সত্যি আমার।’

সিনেমাটির গল্প তৈরি করার পেছনে তাঁর দীর্ঘ প্রতীক্ষা ও ভালোবাসার গভীরতার কথা উল্লেখ করে এই নির্মাতা আরও বলেন, ‘গল্পগুলো অনেকটা ভালোবাসার মানুষের মতো। কেউ কেউ হঠাৎ এসে দরজায় কড়া নাড়ে। কেউ আসে না। দূরে বসে থাকে। ডাকলেও আসে না। আমার গল্পটাও তেমন ছিল। চুপচাপ বসে ছিল। আমিও চুপচাপ তাঁর পাশে বসে ছিলাম। লিখেছি। কেটেছি। আবার লিখেছি। কখনও মনে হয়েছে পেয়ে গেছি। পরে বুঝেছি পাইনি।’

সেই কাঙ্ক্ষিত গল্পটি অবশেষে পূর্ণতা পেয়েছে জানিয়ে রাজীব পোস্টের শেষে লিখেছেন, ‘হঠাৎ একদিন খেয়াল করলাম, গল্পটা আর দূরে বসে নেই। ধীরে ধীরে আমার পাশে এসে বসেছে। গল্পটা এখন স্পষ্ট দেখতে পাচ্ছি। আমার জীবনের প্রথম সিনেমা বানাতে যাচ্ছি। দেখা হবে সিনেমা হলে।’

তবে সিনেমার নাম, মূল অভিনয়শিল্পী কিংবা শুটিং কবে থেকে শুরু হবে সে বিষয়ে এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। নির্মাতার বড় পর্দায় আসার এই ঘোষণায় বিনোদন অঙ্গনের সহকর্মী, চলচ্চিত্র সমালোচক এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভাসছেন এই গুণী নির্মাতা।

আরও পড়ুন

×