ঢাকা শুক্রবার, ১২ জুন ২০২৬

নতুন নাটকের উৎসবের পর্দা উঠল

নতুন নাটকের উৎসবের পর্দা উঠল
×

নতুন নাটকের উৎসবে অতিথিরা। ছবি:সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ জুন ২০২৬ | ২০:৫২

বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে আজ থেকে শুরু হলো আট দিনব্যাপী ‘নতুন নাটকের উৎসব-২০২৬’।  ‘নতুন নাটক নতুন সময়– মঞ্চে জাগুক মানুষের কথা’ প্রতিবাদ্যে নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের ব্যবস্থাপনায় দেশীয় নাট্য সংস্কৃতির বিকাশ, প্রচার, প্রসার ও সংরক্ষণের লক্ষ্যে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে চলবে অনুষ্ঠানমালা। 

আজ ১২ জুন  শুক্রবার বিকেলে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পলিসি ও স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। প্রধান বক্তা হিসেবে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইসরাফিল শাহীন এবং  অতিথি হিসেবে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার জাকির হোসেন বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব  কানিজ মওলা এবং স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)। এ ছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক  কামাল বায়েজীদ এবং ধন্যবাদ জ্ঞাপন করেন নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের পরিচালক  দীপক কুমার গোস্বামী। 

এই উৎসবে নাটকের মাধ্য্মে সামাজিক অচলায়তনের বিরুদ্ধে জাগরণ তৈরির বার্তা ছড়িয়ে দেওয়ার কথা তুলে ধরেন বক্তরা।  
উদ্বোধনী আয়োজনের পর সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিটি পর্যন্ত পরিবেশিত হয় ‘বাংলা নাটকের গান’। এতে অংশগ্রহণ করেন মানিকগঞ্জ থেকে আগত আলেয়া বেগম ও আলমাস সরকারের দল। ৮ দিনব্যাপী এই উৎসবে মোট আটটি নাটক প্রদর্শিত হবে। উদ্বোধনী দিনে প্রদর্শিত হয় দিনাজপুর নাট্য সমিতির নাটক ‘চোরের নাম চরণদাস’, নির্দেশনায় ছিলেন নয়ন বার্টেল।

বিজয়দান দেথার ‘চরণদাস চোর’ নয়া থিয়েটারের প্রযোজনায় হাবীব তানভীরের নির্দেশনায় দেখতে পাওয়া এক অসাধারণ অভিজ্ঞতা। লোকনাট্যের গড়নে সাধারণ গ্রামীণ জীবনের সূক্ষ্ম পরম্পরা। একদিকে যেমন নির্মল আনন্দের আরেক দিকে সামাজিক, আর্থ-রাজনৈতিক, সাংস্কৃতিক বিকাশের, বিশ্লেষণের। এ গল্পের কোনো বয়স নেই, সময়ের ধারাবাহিকতায় আজও তা জীবন্ত; সময়ের প্রয়োজনে বাঙময়। লোকজীবনের সূক্ষ্ম আনন্দের রস নিষ্পত্তি এখানে আছে, আছে লোকসমাজের নিজস্ব বিদ্রোহ বিপ্লবের গাথা। সূক্ষ্ম অর্থে শোষণ, নিপীড়ন আর সংঘাতময় সমাজ কাঠামো আর তার বিবর্তন, বদলে যাওয়া রূপ। 
নতুন নাম ‘চোরের নাম চরণদাস’। ছত্তিশগড়ের বদলে দিনাজপুর, রংপুর, নীলফামারী, পঞ্চগড়ের তেভাগা অঞ্চল, ছত্তিশগড়ের লোকনাট্যের বদলে বৃহত্তর দিনাজপুর অঞ্চলের মারাঘুরা বা পালাটিয়ার গান আর মুখানাচের আদল; ভাষা হিসেবে ব্যবহৃত হয়েছে দিনাজপুর অঞ্চলের আঞ্চলিক মানভাষা। কিছু নতুন চরিত্র যেমন সৃষ্টি হয়েছে, কাহিনিতেও এসেছে নতুন বাঁক। সব মিলে ‘চোরের নাম চরণদাস’ চিরায়ত বাংলার বহমান নাট্যরসের আদলে লোকজ ভঙ্গিমা আশ্রিত নগরজীবনের আধুনিকতম উপাখ্যান।

আগামীকাল ১৩ জুন সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে প্রদর্শিত হবে ইয়াং বংহুং থিয়েটার বান্দরবানের নাটক ‘রিনা প্লুং’, নির্দেশনা দিয়েছেন সিংয়ং ম্রো। তারা তাদের নিজস্ব ভাষায় নাটকটি মঞ্চায়ন করবে। পাশাপাশি উৎসব উপলক্ষে জাতীয় নাট্যশালার এক্সপেরিমেন্টাল থিয়েটার হলের লবিতে সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৪৫ মিনিটি পর্যন্ত অনুষ্ঠিত হবে ‘বাংলা নাটকের গান’। এতে অংশগ্রহণ করবেন পদাতিক নাট্য সংসদ টিএসসি। 
এ ছাড়া উৎসবের অংশ হিসেবে নানাবিধ আয়োজনের পাশাপাশি থাকছে উদীয়মান নাট্যনির্দেশকদের জন্য একটি বিশেষ কর্মশালা। ৫ দিনব্যাপী এই কর্মশালাটি আগামী ১৫ থেকে ১৯ জুন পর্যন্ত জাতীয় নাট্যশালার ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভ কক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। 
উৎসব শেষ হবে ১৯ জুন। 

আরও পড়ুন

×