ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

এবার বাস্তবে উল্টো চিত্র দেখলাম: নুসরাত

এবার বাস্তবে উল্টো চিত্র দেখলাম: নুসরাত
×

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১১:৫৫ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৪:৩৬

নুসরাত ফারিয়া। চিত্রনায়িকা ও সংগীতশিল্পী। গেল ঈদুল আজহা উপলক্ষে মুক্তি পেয়েছে তাঁর গাওয়া গান লোকে বলে। সিনেমার আইটেম গানের আবহে নির্মিত গানটি বেশ দর্শকপ্রিয়তাও পায়। অভিনয় ও গানের এই যাত্রা নিয়ে কথা হয় তাঁর সঙ্গে কথা বলেছেন অনিন্দ্য মামুন। 

‘লোকে বলে’ গানটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে। কেমন উপভোগ করছেন সময়টা?
সত্যি বলতে, মানুষের কাছ থেকে যে ভালোবাসা পাচ্ছি, তা আমাকে দারুণ আনন্দিত করছে। অনেকেই বলছেন, ঈদের বিনোদনে গানটি আলাদা মাত্রা যোগ করেছে। এটি নিঃসন্দেহে বড় পাওয়া। সৌভাগ্যবশত ‘লোকে বলে’ মানুষের অনুভূতিকে স্পর্শ করতে পেরেছে একজন শিল্পীর কাছে এটি অসামান্য পাওয়া। 

গানটি নিয়ে যে ধরনের প্রত্যাশা করেছিলেন, সেটি কি পূরণ হয়েছে?
অনেকটাই। গানটি প্রকাশ করেছি ঈদের আগে। ঈদের ক’দিন পরই তো বিশ্বকাপ ফুটবল শুরু হয়। একটু দ্বিধায় ছিলাম, বিশ্বকাপ ফুটবলের উন্মাদনার সময় গানটা দর্শক-শ্রোতার আলোচনায় স্থান পাবে কিনা। কারণ এই সময়ে তো মানুষের মনোযোগ ফুটবলেই থাকবে। এবার বাস্তবে উল্টো চিত্র দেখলাম। প্রতিদিন নতুন নতুন ভিডিও, রিলস, কনটেন্ট তৈরি হচ্ছে। বিভিন্ন প্ল্যাটফর্মে মিলিয়ে কোটি কোটি মানুষ গানটির সঙ্গে যুক্ত হয়েছেন। একজন শিল্পীর জন্য এর চেয়ে বড় আনন্দ আর কী হতে পারে বলেন।

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক

সিনেমার গানের আয়োজনের মতো করে আয়োজনে গান প্রকাশের কারণটা কি কেবল শখ থেকেই?
শখ, কমিটমেন্ট কিংবা ভালো কিছু করার প্রত্যাশা– সবই বলতে পারেন। আমি আমার কাজটিকে সর্বোচ্চ লেভেলের এফোর্ট দিয়েই করি, করতে চাই। গানটি যেহেতু আমার, তাই এটি আমার মতো করেই করতে পারি। আমি সবসময় বিশ্বাস করি, যখন ফিরব, ভালো কিছু নিয়েই ফিরব। 

শুধু গানের কথা বলছেন। সিনেমা নিয়ে খবর আছে?
আমাকে তো দর্শকরা চিত্রনায়িকা হিসেবে চেনেন। তাই সিনেমার খবর থাকবে না কেন। দুটি সিনেমা মুক্তির অপেক্ষায় আছে। একটি কলকাতার প্রযোজনা, অন্যটি বাংলাদেশের। কলকাতারটির নাম ‘রকস্টার’। পরিচালনা করেছেন আয়ুষ্মান প্রত্যুষ। এতে আমার বিপরীতে দেখা যাবে যশ দাশগুপ্তকে। আর বাংলাদেশেরটির নাম ‘ঠিকানা ৭১’। এটি পরিচালনা করেছেন অনম বিশ্বাস। এতে আমার সঙ্গে আছেন আরিফিন শুভ। সিনেমা দুটি ঠিক কবে মুক্তি পাবে, তা আমি বলতে পারছি না। এটি পরিচালক ও প্রযোজনা সংস্থা বলতে পারবেন। এ ছাড়াও নতুন কয়েকটি প্রজেক্ট নিয়ে কথা হচ্ছে। আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হলে সবাই জানতে পারবেন। 

এসভিএফ থেকে গান প্রকাশ করলেন। প্রতিষ্ঠানটি তো বাংলাদেশে সিনেমাতেও লগ্নি করছে। যতদূর জানি এই প্রতিষ্ঠানটি আপনার পরিবারের মতো। তাদের সিনেমায় আপনাকে দেখা যায় না কেন?
পরিবারের মতো হলেই যে তাদের সিনেমায় আমাকে নেবে বিষয়টি কিন্তু এমন না। তাদের নির্মিত সিনেমার গল্পের চরিত্রের সঙ্গে তো আমাকে মানাতে হবে। যদি কখনও গল্পের চরিত্রের সঙ্গে আমি যাই, তাহলে আমাকেও দেখা যাবে। 

নুসরাত ফারিয়া। ছবি: ফেসবুক

গেল বছর ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কঠিন পথ দিয়ে হাঁটতে হয়েছে। এখন কতটা স্বস্তিতে আছেন?
আলহামদুলিল্লাহ, এখন ভালো আছি। আমি সাধারণত নিজের স্বাস্থ্য নিয়ে সচেতন। কাজের ব্যস্ততার মাঝেও চেষ্টা করি শরীর ও মনের যত্ন নিতে।

গেল বছরের কঠিন অধ্যায় থেকে কী উপলব্ধি হয়েছে?
জীবনের প্রতিটি অভিজ্ঞতাই মানুষকে কিছু না কিছু শেখায়। সময়টি সহজ ছিল না, এটি অস্বীকার করব না। আমি যদি সেই অভিজ্ঞতার ভারে নিজেকে গুটিয়ে ফেলতাম, তাহলে সবচেয়ে বেশি কষ্ট পেতেন আমার শুভাকাঙ্ক্ষীরা। তারা সবসময় আমার পাশে ছিলেন, আমাকে সমর্থন দিয়েছেন। তাদের সেই ভালোবাসার মূল্য দেওয়ার চেষ্টা করছি। 

মানসিকভাবে কতটা ঘুরে দাঁড়াতে পারলেন?
মানসিকভাবে ঘুরে দাঁড়াতে চেষ্টা করছি। এ ক্ষেত্রে বাবা-মা, বন্ধুদের দারুণভাবে পাশে পেয়েছি ও পাচ্ছি। কাছের মানুষগুলোর সাহচর্যই আমাকে শক্তি দিয়েছে। মা একদিন বলেছিলেন, ‘নিজেকে ব্যস্ত রাখো, কাজে ফিরে যাও।’ সেই কথাটাই সবচেয়ে বেশি কাজে লেগেছে।

আরও পড়ুন

×