ঢাকা শনিবার, ১৩ জুন ২০২৬

সিনেমা থেকে সিরিজ, এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন

সিনেমা থেকে সিরিজ, এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন
×

‘কুইনস’ সিরিজের পোস্টারে মিমি চক্রবর্তী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৩:৪৮ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৩:৫৬

চলতি সপ্তাহে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বাংলা, হিন্দি, তামিল ও ইংরেজি ভাষার বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–

হইচই
গত ১২ জুন মুক্তি পেয়েছে বাংলা সিরিজ ‘কুইনস’। মিমি চক্রবর্তী, বৈশাখী মিত্র ও পায়েল দে অভিনীত এই সিরিজের গল্পে বিয়ের রাতেই খুন হয় এক পাত্রসহ বাড়ির আরও তিন পুরুষ সদস্য। শোকে ভেঙে পড়লেও চার নারী অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধের পথে হাঁটার সিদ্ধান্ত নেয়। সত্য উন্মোচনের লড়াইয়ে তারা জীবনবাজি রাখতেও প্রস্তুত।

নেটফ্লিক্স
গত ১২ জুন মুক্তি পেয়েছে হিন্দি সিনেমা ‘ভূত বাংলা’। অক্ষয় কুমার, টাবু, ওয়ামিকা গাব্বি ও পরেশ রাওয়াল অভিনীত ছবিটির কেন্দ্রে রয়েছে অর্জুন নামে এক তরুণ, যে দাদুর মৃত্যুর পর উত্তরাধিকারসূত্রে একটি বিশাল রাজপ্রাসাদ পায়। বোনের বিয়ের আয়োজন করতে গিয়ে সে প্রাসাদজুড়ে রহস্যময় ও ভৌতিক ঘটনার মুখোমুখি হয় এবং সেই রহস্যের অনুসন্ধানে নামে।

প্রাইম ভিডিও
গত ১২ জুন মুক্তি পেয়েছে তামিল সিনেমা ‘কারুপ্পু’। সুরিয়া, তৃষা কৃষ্ণন ও আর জে বালাজি অভিনীত এই ছবিতে চিকিৎসার উদ্দেশে চেন্নাই যাওয়ার পথে চুরির শিকার হওয়া এক বাবা ও মেয়ের গল্প তুলে ধরা হয়েছে। বিচার চাইতে গিয়ে তারা দুর্নীতিগ্রস্ত ব্যবস্থার মুখে পড়ে। এরপর বিচার ব্যবস্থার অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে আইনজীবীর ছদ্মবেশে আবির্ভূত হয় রক্ষক দেবতা কারুপ্পাসামি।

লায়ন্সগেট প্লে
গত ১২ জুন মুক্তি পেয়েছে ইংরেজি ভাষার সিনেমা ‘শেলটার’। জেসন স্ট্যাথাম, বধি রে ব্রেথনাচ ও নাওমি অ্যাকি অভিনীত ছবিতে এমআই সিক্সের সাবেক এজেন্ট মাইকেল মেসনের গল্প দেখা যাবে। স্কটল্যান্ডের এক প্রত্যন্ত দ্বীপে নির্জন জীবন কাটানো মেসন এক নিখোঁজ শিশুকে উদ্ধার করার পর আবারও বিপজ্জনক ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়ে।

নেটফ্লিক্স
গত ১১ জুন মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘সুইট ম্যাগনোলিয়াস’-এর পঞ্চম মৌসুম। জোয়ানা গার্সিয়া সুইশার, ব্রুক এলিয়ট ও হেদার হেডলি অভিনীত সিরিজটির নতুন মৌসুমে ম্যাডিসন, হেলেন ও ডানা সু– এই তিন বান্ধবীর নিউইয়র্ক ভ্রমণকে কেন্দ্র করে গল্প এগিয়েছে। প্রেম, বন্ধুত্ব ও পারিবারিক সম্পর্কের নানা টানাপোড়েন উঠে এসেছে পুরো মৌসুমজুড়ে।

আরও পড়ুন

×