লিসা থেকে নোরা ফাতেহি, বিশ্বকাপ মঞ্চে তারকাদের ফ্যাশনের ঝলক
বিশ্বকাপ মঞ্চে নোরা ফাতেহি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ জুন ২০২৬ | ১৮:১২ | আপডেট: ১৩ জুন ২০২৬ | ১৮:৫২
ফুটবলের পাশাপাশি আলোচনা শুরু হয়েছে ফিফা বিশ্বকাপ ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়া তারকাদের ফ্যাশন নিয়ে। লস অ্যাঞ্জেলেস থেকে কারনার টরন্টো—বিভিন্ন আয়োজনে অংশ নেওয়া আন্তর্জাতিক সংগীত তারকারা শুধু পারফরম্যান্সই নয়, নজর কেড়েছেন নিজেদের অনন্য স্টাইলেও।
ফ্যাশনের দিক থেকে সেরাদের তালিকায় ছিলেন কেটি পেরি, লিসা ও নোরা ফাতেহি।
লস অ্যাঞ্জেলেসের অনুষ্ঠানে মঞ্চে ওঠার সঙ্গে সঙ্গেই সবার নজর কাড়েন কেটি পেরি। রুপালি ঝিকিমিকি পোশাকে তাকে ভিন্নরকম লাগছিল। তাঁর পোশাকের আলোর ঝলক বারবার দৃষ্টি আকর্ষণ করছিল। তবে শুধু পোশাক নয়, তার পারফরম্যান্সের মুহূর্তও দর্শকদের মন ছুঁয়ে যায়। ১০ বছর বয়সী গায়ক টিউস লুকার সঙ্গে গান পরিবেশন করেন তিনি। গান শেষে ছোট্ট শিল্পীকে জড়িয়ে ধরলে দর্শকরা করতালি দিয়ে অভিবাদন জানান।
বড় কোনো আন্তর্জাতিক অনুষ্ঠানে অনেক তারকাই নতুন লুকে হাজির হন। তবে লিসা ছিলেন তার ব্যতিক্রম। ব্ল্যাকপিঙ্ক তারকা নিজের পরিচিত স্টাইলেই মঞ্চে ওঠেন। সঙ্গে ছিল ফিঙ্গারলেস গ্লাভস। পুরো লুকেই ছিল তার নিজস্ব স্টাইলের ছাপ, যা ভক্তদের কাছে পরিচিত ও প্রিয়।
কানাডার টরন্টোর অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রে ছিলেন নোরা ফাতেহি। ফ্যাশনের ক্ষেত্রে বরাবরই পরীক্ষামূলক এবং সাহসী নোরা এবারও ব্যতিক্রম ছিলেন না।
লাল রঙের স্পোর্টি পোশাকে তাকে দেখা যায় মঞ্চে। ক্রপড টপ, ঢিলেঢালা ট্র্যাক প্যান্ট ও স্নিকার্স মিলিয়ে তার লুক ছিল ফুটবল উৎসবের সঙ্গে মানানসই। তার সঙ্গে ছিলেন বাংলাদেশি-আমেরিকান ডিজে ও সংগীতশিল্পী সঞ্জয়।
বিশ্বকাপের মতো আয়োজন শুধু ফুটবলপ্রেমীদেরই নয়, সংগীত ও ফ্যাশনপ্রেমীদেরও এক মঞ্চে নিয়ে আসে। কেউ খেলা দেখতে আসেন, কেউ প্রিয় শিল্পীর পারফরম্যান্সের জন্য অপেক্ষা করেন, আবার কেউ নজর রাখেন তারকাদের পোশাকে।
বিশ্বকাপের ম্যাচ, গোল আর ফলাফল নিয়ে আলোচনা চলবে আরও বেশকিছু দিন। তবে ফ্যাশনপ্রেমীদের মনে হয়তো দীর্ঘদিন জায়গা করে নেবে স্টেডিয়ামের আলোয় ঝলমলে কেটি পেরি, সাদা পোশাকে আত্মবিশ্বাসী লিসা এবং লাল রঙের গ্ল্যামারাস লুকে নোরা ফাতেহির উপস্থিতি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
- বিষয় :
- নোরা ফাতেহি
- বিশ্বকাপ ফুটবল
