গানে গানে ভালোবাসা কুড়াতে দুই মহাদেশে জেমস
রকস্টার জেমস। ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৪ জুন ২০২৬ | ২০:২০ | আপডেট: ১৪ জুন ২০২৬ | ২০:২৮
সংগীতপ্রেমীদের আহ্বানে মঞ্চের টানে প্রতি বছর বিভিন্ন দেশে ছুটে যান দেশের শীর্ষ রকস্টার জেমস। গানে গানে শ্রোতাদের তৃষ্ণা মেটান শ্রোতাদের। তার ধারাবাহিকতায় নন্দিত এই শিল্পী এবার যাচ্ছেন ইউরোপ ও ওশেনিয়া দুই মহাদেশের কয়েকটি দেশে। প্রায় তিন মাসের দীর্ঘ সফরে তিনি পারফর্ম করবেন যুক্তরাজ্য, পর্তুগাল, সাইপ্রাস, ইতালি, সুইডেন, অস্ট্রেলিয়ার বিভিন্ন রাজ্যে।
এ উপলক্ষে জেমস ও তাঁর ব্যান্ড নগর বাউলের সদস্যরা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। ২৫ জুলাই পৃথিবীর বৃহত্তম শহর লন্ডনে কনসার্ট করার মধ্যে দিয়ে শুরু হবে জেমস ও নগর বাউল ব্যান্ডের ইউরোপের সংগীত সফর।
জেমসের মুখপাত্র ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, লন্ডনে পারফর্ম করার পরপরই তারা ছুটে যাবেন পর্তুগালে। ২৬ জুলাই সে দেশের রাজধানী লিসবেনে আয়োজিত কনসার্টে অংশ নেবেন বাংলাদেশের এই সংগীত মহাতারকা। সেখান থেকে যাবেন সাইপ্রাসে। ৯ আগস্ট সাইপ্রাসে কনসার্ট করার পর ইতালির উদ্দেশে যাত্রা করবেন। ১৬ আগস্ট ইতালির রোমে অনুষ্ঠিত হবে প্রথম কনসার্ট।
দ্বিতীয় আয়োজন থাকছে জলের ওপর ভাসমান শহর ভেনিসে। ইতালি পর্ব শেষে ইউরোপের সফরের পরে কনসার্ট হবে ৫ সেপ্টেম্বর সুইডেনে। সবগুলো কনসার্ট আয়োজন করেছে স্থানীয় ইভেন্ট অর্গানাইজারা। যে কারণে কনসার্ট সংখ্যা আরও বাড়তে পারে, যার আভাস মিলেছে আয়োজকদের পক্ষ থেকে।

রবিন বলেন, ইউরোপসহ অন্যান্য মহাদেশে এমন ধারাবাহিক কনসার্ট করার অভিজ্ঞতা রয়েছে জেমসের। প্রতিটি সফরের দেখা গেছে, শো নির্দিস্ট সংখ্যার মধ্যে থাকেনি। দর্শক-শ্রোতাদের আগ্রহে বাড়াতে হয়েছে কনসার্টের সংখ্যা। যেহেতু সংগীতপ্রেমীদের ভালোবাসার আহ্বানের সাড়া দিতেই জেমস দেশে-বিদেশের মঞ্চে ছুটে যান, তাই কনসার্ট সংখ্যা বেড়ে যাওয়া বিষয়টি স্বাভাবিক বলেই মনে করেন।
এদিকে ইউরোপ সফর শেষ হতে না হতেই জেমস প্রশান্ত মহাসাগার পাড়ি দিয়ে ছুটবেন ওশেনিয়া মহাদেশের অস্ট্রেলিয়ার উদ্দেশে। অস্ট্রেলিয়ায় আগেও সফর করেছেন। তবে এবার সেখানে তিনি মঞ্চ ভাগাভাগি করবেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী রুপম ইসলাম ও তাঁর রক ব্যান্ড ফসিলসের সদস্যদের সঙ্গে। আগেও এক মঞ্চে দেখা মিলেছে জেমস ও রূপম ইসলামের। সেসব আয়োজনে গানে গানে অগণিত দর্শক-শ্রোতা হৃদয়ে ঝড় তুলতেও দেখা গেছে তাদের। তাই বাংলাদেশ ও ভারতের এই দুই রকস্টারকে নিয়ে আস্ট্রেলিয়ায় আয়োজিত ‘লাইভ ইন সিডনি’ কনসার্ট নিয়ে এরই মধ্যে সংগীতপ্রেমীদের মধ্যে কৌতূহল শুরু হয়ে গেছে।
কনসার্ট আয়োজক বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়ার সদস্যরা জানান, সেখানে আগামী সেপ্টম্বর নিউ সাউথ ওয়েলস রাজ্যে অনুষ্ঠিত হবে জেমস ও রূপমের ‘লাইভ ইন সিডনি’ কনাসর্টটি। এ আয়োজন করছে বেঙ্গলি সিনেক্লাব অস্ট্রেলিয়া। আগামী ১২ সেপ্টেম্বর সিডনির নরওয়েস্ট কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে কনসার্টটি।
তাদের কথায়, ‘মাহেন্দ্রক্ষণ’ শব্দটা হয়তো এমন কিছুর জন্যই প্রযোজ্য। বাংলা রক গানের ইতিহাসে এমন কিছু অস্ট্রেলিয়ায় অন্তত আগে কখনও হয়নি! আগামী ১২ সেপ্টেম্বর নরওয়েস্ট কনভেনশন সেন্টার মঞ্চে আসছেন বাংলা রক গানের দুই মহীরুহ। দেশের সীমানা ছাড়িয়ে আমাদের সবার প্রিয় হয়ে উঠেছেন নগর বাউল, জেমস। যিনি আমাদের বাংলা রক সংগীতের গুরু– সেই জেমসের এবার মঞ্চ শেয়ার করবেন আরেক রকস্টার রূপম ইসলামের সঙ্গে। তাদের সঙ্গে থাকবে নিজ নিজ ব্যান্ড নগর বাউল এবং ফসিলসের সদস্যরা। তাই এটি শুধুই একটি কনসার্ট নয়, বরং বাংলা রকের সবচেয়ে বড় এবং মর্যাদাপূর্ণ ইভেন্ট হতে চলেছে। যেখানে আমাদের কৈশোর, প্রেম, বিদ্রোহ, সবকিছুর অংশ হয়ে থাকা গানগুলো আবার জীবন্ত হয়ে উঠবে। প্রতিধ্বনিত হবে ‘আমার বাংলা..’। আর এ সুবাদে আমরা সবাই মিলে হব একটি ইতিহাসের অংশ। তাই পুরো আয়োজনটি রক ভক্তদের কাছে আজীবন মনে রাখার মতো একটা স্মৃতি রচনা করবে বলেও আশা প্রকাশ করেছেন আয়োজকরা।

অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস ও নগর বাউল ব্যান্ডের ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন জানান, ‘লাইভ ইন সিডনি’ কনসার্টের পরিকল্পনা সাজিয়েছে, তাতে আশা করা হয় বর্ণাঢ্য একটি আয়োজন হবে বলেই আশা করছি আমরা।
ইউরোপ ও অস্ট্রেলিয়া সফর নিয়ে জেমস জানান, গানে গানে শ্রোতাদের ভালোবাসা কুড়াতেই এই দীর্ঘ সফর। ভালোবাসার এই মেলবন্ধন গড়ে উঠেছে কেবলই সংগীতের সূত্র ধরে। তাই যতদিন গাইবেন, শ্রোতাদের ভালোবাসার আহ্বানে সাড়া দিতে এভাবেই ছুটে যাবেন দেশ-বিদেশের মঞ্চে।
এদিকে নতুন গান প্রকাশ না পেলেও আয়োজন থেমে নেই জেমসের। তিনি জানিয়েছেন, কনসার্টের বাইরে বেশ কিছু গানের কাজ নিয়ে ব্যস্ত সময় কাটছে তাঁর। সেগুলোর কাজ শেষ হলেই একে একে প্রকাশ করার পরিকল্পনা রয়েছে তাঁর। তবে গানের প্রকাশনা নিয়ে এখনই নিশ্চিত করে কোনো দিন-তারিখ উল্লেখ করা সম্ভব নয়। আপাতত নতুন গান প্রকাশ না পেলে মঞ্চে তাঁর দেখা মিলবে– এই আশ্বাস দিয়েছেন নন্দিত এই কণ্ঠশিল্পী।
