ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

বিরতি কাটিয়ে চেনা ছন্দে ফিরছেন ক্যাটরিনা

বিরতি কাটিয়ে চেনা ছন্দে ফিরছেন ক্যাটরিনা
×

ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত

আনন্দ প্রতিদিন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৩:৩৪ | আপডেট: ১৫ জুন ২০২৬ | ১৩:৩৭

দীর্ঘদিন ধরেই রুপালি পর্দা থেকে কিছুটা দূরে রয়েছেন বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। ২০২৪ সালে মুক্তি পাওয়া মেরি ক্রিসমাসের পর নতুন কোনো সিনেমায় তাঁকে দেখা যায়নি। তবে বলিউডে জোর গুঞ্জন, শিগগিরই নতুন একটি আলোচিত প্রকল্পের মাধ্যমে অভিনয়ে ফিরতে পারেন তিনি।

ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত প্রশংসিত চলচ্চিত্র ‘চাঁদনি বার’ সিনেমার সিকুয়েলে অভিনয়ের জন্য ক্যাটরিনার সঙ্গে আলোচনা চলছে। ছবিটি পরিচালনা করবেন অজয় বহল। এই সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যেতে পারে টাবুকে। যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা আসেনি নির্মাতা বা ক্যাটরিনার পক্ষ থেকে।

জানা গেছে, নতুন ছবিটিও সমাজের প্রান্তিক মানুষের জীবন, বিশেষ করে যৌনপল্লির নারীদের সংগ্রাম এবং এর আড়ালে গড়ে ওঠা অপরাধচক্রের বাস্তবতাকে কেন্দ্র করে নির্মিত হবে। তবে গল্প কিংবা চরিত্র সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে।

মধুকর ভান্ডাকর পরিচালিত ‘চাঁদনি বার’ মুক্তির পর সমালোচক ও দর্শক– উভয় মহলেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ছবির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন টাবু ও অতুল কুলকার্নি। সেই সময় অভিনয়শিল্পীদের দারুণ অভিনয় আর সমাজবাস্তবধর্মী গল্পের জন্য ছবিটি আজও বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ চলচ্চিত্র হিসেবে বিবেচিত হয়।

এদিকে ব্যক্তিগত জীবনে ২০২১ সালের ডিসেম্বরে অভিনেতা ভিকি কুশলকে বিয়ে করেন ক্যাটরিনা। গত বছরের নভেম্বরে পুত্রসন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। এখন ভক্তদের অপেক্ষা, সত্যিই কি ‘চাঁদনি বার’-এর নতুন অধ্যায়ে দেখা যাবে ক্যাটরিনাকে।

আরও পড়ুন

×