ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

‘আলফা’-এর ট্রেলার

ববির বিরুদ্ধে মিশনে আলিয়া-শারভারি, চমক হৃতিকের

ববির বিরুদ্ধে মিশনে আলিয়া-শারভারি, চমক হৃতিকের
×

ছবি-সংগৃহীত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬ | ১৮:২৬ | আপডেট: ১৭ জুন ২০২৬ | ১৮:৫৫

বলিউডের বহুল প্রতীক্ষিত স্পাই অ্যাকশন সিনেমা ‘আলফা’-এর ট্রেলার প্রকাশ পেয়েছে। ইয়াশ রাজ ফিল্মের স্পাই ইউনিভার্সের প্রথম নারী-কেন্দ্রিক সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ ছিল শুরু থেকেই। আজ দুপুরে ট্রেলার প্রকাশের পর সেই আগ্রহ আরও বেড়েছে।

২ মিনিট ৩৩ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায়, কাচের আবরণে থাকা এক নবজাতক শিশুকে। ভয়েসওভারে ভয়ংকর প্রতিপক্ষ ফতেহ চরিত্রে অভিনয় করা ববি দেওল জানান, শিশুটির নাম তিনি রেখেছেন ‘সীতা’। এরপরের দৃশ্যগুলোতে বোঝা যায়, ছোটবেলা থেকেই তাকে একজন ভয়ংকর ঘাতক হিসেবে গড়ে তোলা হয়েছে।

অন্যদিকে আলিয়া ভাটের চরিত্র সীতার বর্ণনায় উঠে আসে ফতেহের নির্মমতার গল্প। তিনি বলেন, এক রাজকন্যাকে অপহরণ করে তাকে অস্ত্রে পরিণত করা হয়েছিল। তবে প্রচলিত পৌরাণিক কাহিনির বিপরীতে এখানে সীতা কারও উদ্ধারের অপেক্ষা করেন না; বরং নিজেই ফতেহের সাম্রাজ্য ধ্বংসের মিশনে নামেন।

ট্রেলারে আলিয়াকে দেখা গেছে একেবারে নতুন রূপে। আবেগঘন মুহূর্তের পাশাপাশি তাকে দেখা গেছে ভরপুর অ্যাকশন ও লড়াইয়ের দৃশ্যে। এরপর মিশনে যোগ দেন শারভারী। দুই নারী এজেন্টের পরামর্শক ও গাইডের ভূমিকায় দেখা যায় অনিল কাপুরকে।

তবে ট্রেলারের সবচেয়ে বড় চমক শেষ মুহূর্তে। সংক্ষিপ্ত উপস্থিতিতে দেখা মেলে হৃতিক রোশানের। তবে শুধু তার চোখের ঝলকই দেখানো হয়েছে। এতে স্পষ্ট ইঙ্গিত মিলেছে যে ‘আলফা’ সরাসরি ‘ওয়ার’ এবং ‘ওয়ার ২’-এর সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে।

আগামী ৩ জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আলফা’। সূত্র: আউটলুক ইন্ডিয়া

আরও পড়ুন

×