সত্যের খোঁজে অপূর্ব-ইয়াশ-বিন্দু-সারিকা
ওয়েব সিরিজ হেডলাইন এর পােষ্টার। ছবি:সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১৯ জুন ২০২৬ | ১৩:১৯
একটি সংবাদ, একটি গোপন তথ্য আর তার পেছনে ছুটে চলা কয়েকজন সাংবাদিক। সত্য উদ্ঘাটনের সেই অভিযানে সামনে আসে দুর্নীতি, ষড়যন্ত্র এবং জীবনের ঝুঁকি। এমনই রহস্য ও রুদ্ধশ্বাস ঘটনাপ্রবাহ নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘হেডলাইন’। সম্প্রতি প্রকাশ পেয়েছে সিরিজটির ট্রেইলার, যেখানে সাংবাদিকতার অন্তরালের গল্পের পাশাপাশি উঠে এসেছে মানবিক সম্পর্ক, ব্যক্তিগত সংকট এবং সত্য অনুসন্ধানের কঠিন বাস্তবতা।
গত বুধবার ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে প্রকাশিত দুই মিনিট ২৪ সেকেন্ডের ট্রেইলারটি ইতোমধ্যে দর্শকদের কৌতূহল বাড়িয়েছে। ট্রেইলারে দেখা যায়, ২১ বছর পর বিদেশ থেকে দেশে ফিরে আসে এক শীর্ষ সন্ত্রাসী। এই ঘটনাকে ঘিরে বড় ধরনের অনুসন্ধানে নামেন তরুণ সাংবাদিক সামিউল। একই সময়ে একটি অর্থ পাচারকারী চক্রের তথ্য ফাঁস করে আলোচনায় আসেন তিনি। কিন্তু রহস্যজনকভাবে রাতারাতি সংবাদপত্রের প্রথম পাতা থেকে উধাও হয়ে যায় তাঁর প্রতিবেদন। এরপর ঘটনার জটিলতায় জড়িয়ে পড়েন সহকর্মী সাংবাদিক জহিরও। সত্যের অনুসন্ধান করতে গিয়ে তাদের পিছু নেয় দুর্নীতিবাজ শক্তি, আর শুরু হয় টানটান উত্তেজনার এক লড়াই।
আট পর্বের সিরিজটিতে অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ইয়াশ রোহান, আফসান আরা বিন্দু, সারিকা সাবরিন, ফারহানা হামিদ, শ্যামল মাওলা, রাই রাজন্যা, অর্নিল বিরল, মনিরুল ইসলাম রুবেল, আমিনুর রহমান মুকুল, এ কে আজাদ সেতু, সাহানা রহমান সুমি, আরিফিন জিলানী, জাহাঙ্গীর আলমসহ আরও অনেকে।
সালেহ সোবহান অনীম পরিচালিত ‘হেডলাইন’ আগামী ২৫ জুন মুক্তি পাবে। প্রায় দুই বছর পর ওটিটিতে ফিরেছেন অপূর্ব। সিরিজটিতে তিনি জহির নামের এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করেছেন। চরিত্রটি নিয়ে অপূর্ব বলেন, ‘জহির চরিত্রটার একটা দারুণ গ্রাফ আছে। গল্পের বিভিন্ন পর্যায়ে তাকে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়। কখনও সে খুবই আবেগপ্রবণ, আবার কখনও বাস্তবতার কঠিন মুখোমুখি দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে বাধ্য হয়।’ তিন বছর পর ওটিটির কাজে ফিরেছেন আফসান আরা বিন্দু। সিরিজে আইরিন চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রীও অপেক্ষায় আছেন দর্শকদের প্রতিক্রিয়া দেখার জন্য।
অন্যদিকে ইয়াশ রোহান বলেন, ‘সামিউল চরিত্রটার জন্য আমি ক্যারিয়ারজুড়েই অপেক্ষা করেছি। এই চরিত্রে অভিনয় করতে গিয়ে আমি ইয়াশ থাকিনি, হয়ে উঠেছিলাম সামিউল।’
- বিষয় :
- ওয়েব সিরিজ
- ওটিটি প্লাটফর্ম
