‘লাইফলাইন’-‘দৃশ্যম ৩’সহ এ সপ্তাহে ওটিটিতে যা দেখবেন
‘দৃশ্যম ৩’-এর সিনেমার শিল্পীরা। ছবি-সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৩:২৩ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১৩:২৪
চলতি সপ্তাহে বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে বাংলা, মালয়ালম, হিন্দি ও ইংরেজি ভাষার বেশ কিছু আলোচিত সিনেমা ও সিরিজ। সংক্ষেপে থাকছে সেগুলোর খবর–
অ্যাপল টিভি
গতকাল ১৯ জুন মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘সুগার’-এর দ্বিতীয় সিজন। কলিন ফ্যারেল, জিন হা ও রেমন্ড লি অভিনীত সিরিজটির নতুন পর্বে নিখোঁজ সহকর্মী হেনরিকে খুঁজে বের করার মিশনে নামে জন সুগার। এ যাত্রায় তাঁকে মোকাবিলা করতে হয় অপরাধ ও সহিংসতার জটিল বাস্তবতার।
নেটফ্লিক্স
গত ১৮ জুন মুক্তি পেয়েছে ইংরেজি সিরিজ ‘আই উইল ফাইন্ড ইউ’। স্যাম ওয়ার্থিংটন, ব্রিট লোয়ার ও মিলো ভেন্টিমিগ্লিয়া অভিনীত এ সিরিজে ডেভিড বারোজ নামে এক ব্যক্তিকে দেখা যায়, যিনি ছেলেকে হত্যার মিথ্যা অভিযোগে কারাগারে বন্দি। পরে জানতে পারেন, তাঁর ছেলে জীবিত। তাঁকে উদ্ধারে জেল থেকে পালিয়ে বিপজ্জনক অভিযানে নামেন তিনি। একই প্ল্যাটফর্মে গতকাল ১৯ জুন মুক্তি পাচ্ছে ইংরেজি সিনেমা ‘ভয়েসমেইল ফর ইসাবেল’। জোয়ি ডয়েচ, নিক রবিনসন ও নিক অফারম্যান অভিনীত ছবির কেন্দ্রে রয়েছে জিল নামে এক তরুণী, যিনি মৃত বোনের নম্বরে নিয়মিত ভয়েসমেইল পাঠান। কিন্তু সেই নম্বরের নতুন ব্যবহারকারী ওয়েস অজান্তেই তাঁর কণ্ঠের প্রেমে পড়ে যায়।
প্রাইম ভিডিও
গত ১৮ জুন মুক্তি পেয়েছে মালয়ালম সিনেমা ‘দৃশ্যম ৩’। মোহনলাল, মীনা, আনসিবা হাসান ও এস্থার অনিল অভিনীত ছবিটিতে আবারও ফিরে এসেছে জর্জকুট্টি। অতীতের অপরাধের ছায়া যখন তাঁর পরিবারের ওপর নতুন করে ভর করে, তখন আইনের চোখ ফাঁকি দিতে শেষবারের মতো মরিয়া হয়ে ওঠেন তিনি।
চরকি
আগামীকাল ২১ জুন মুক্তি পাচ্ছে বাংলা ওয়েব ফিল্ম ‘লাইফলাইন’। বিদ্যা সিনহা মিম, রেজওয়ান পারভেজ, গাজী রাকায়েত ও আ খ ম হাসান অভিনীত এ ছবির গল্পে দেখা যাবে, হারিয়ে যাওয়া আপনজনের খোঁজে প্রত্যন্ত অঞ্চলে অভিযানে নামেন শহুরে তরুণী অনন্যা। তাঁর সঙ্গী হয় কোরবান নামে এক যুবক। যাত্রাপথে নানা চ্যালেঞ্জ ও অপ্রত্যাশিত ঘটনার মুখোমুখি হন তারা।
প্রাইম ভিডিও
আগামী ২৩ জুন মুক্তি পাবে হিন্দি সিরিজ ‘গ্রাম চিকিৎসালয়’-এর দ্বিতীয় মৌসুম। অমল পরাশর, বিনয় পাঠক ও আকাশ রঞ্জন কাপুর অভিনীত সিরিজটিতে ভারতের গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থার নানা বাস্তবতা উঠে এসেছে। নতুন মৌসুমেও ভটকন্ডী গ্রামের স্বাস্থ্যকেন্দ্রে দায়িত্ব পালন করতে দেখা যাবে আদর্শবাদী চিকিৎসক প্রভাতকে।
- বিষয় :
- সিনেমা
- ওটিটি প্লাটফর্ম
- ওয়েব সিরিজ
