তিন দশক পর আবারও কুলির চরিত্রে ওমর সানী
ওমর সানী
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৩:৫০ | আপডেট: ২০ জুন ২০২৬ | ১৪:২৮
ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ওমর সানী অভিনীত ‘কুলি’ সিনেমাটি মুক্তি পায় ১৯৯৭ সালে। অ্যাকশন-কমেডি ঘরানার এ চলচ্চিত্রে নাম ভূমিকায়, অর্থাৎ কুলি চরিত্রে অভিনয় করে দর্শকপ্রিয়তা অর্জন করেছিলেন তিনি। প্রায় তিন দশক পর আবারও কুলির চরিত্রে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা।
তবে এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কুলির চরিত্রে দেখা যাবে তাঁকে। সম্প্রতি মহাখালী বাস টার্মিনালে ‘ব্ল্যাক’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকা।
এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, “এটি ছোট পরিসরের একটি কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। এতে আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি। চলচ্চিত্রটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় দেখেই বিষয়টি উপভোগ করুন।”
‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।
নির্মাতা মহিন খান বলেন, “এটি একটি ভিন্নধর্মী কাজ। গল্পটি নতুন আঙ্গিকে উপস্থাপন করা হয়েছে। চলচ্চিত্রটির মূল বিষয়বস্তু মাদক ব্যবসা এবং সমাজ থেকে মাদক নির্মূলের বার্তা। ওমর সানী এখানে একজন প্রতিবাদী কুলির চরিত্রে অভিনয় করেছেন, যিনি মাদকের বিরুদ্ধে সবসময় সোচ্চার। দর্শকের কাছে চরিত্রটি ভালো লাগবে বলে আশা করছি।”
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তাঁর বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি। নির্মাতারা চলতি বছরের শেষ দিকে অ্যামাজন প্রাইমে চলচ্চিত্রটি মুক্তির পরিকল্পনা করছেন।
নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানী বর্তমানে অভিনয়ে কিছুটা অনিয়মিত। তবে ভালো গল্প ও চরিত্র পেলে এখনও ক্যামেরার সামনে দাঁড়ান তিনি। সেই ধারাবাহিকতায় এবার অভিনয় করলেন ‘ব্ল্যাক’ চলচ্চিত্রে; যেখানে দীর্ঘ বিরতির পর আবারও কুলির চরিত্রে দেখা যাবে তাঁকে।
