ফুয়াদের সংগীতায়োজনে মিলা ও পান্থ কানাই
ফুয়াদ আল মুক্তাদির, মিলা ইসলাম ও পান্থ কানাই
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৪:১৯ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৫:৪১
ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। বিশ্বকাপ সামনে রেখে তৈরি হচ্ছে নানা আয়োজন ও নতুন গান। এরই ধারাবাহিকতায় সুরকার ও সংগীত পরিচালক ফুয়াদ আল মুক্তাদির-এর সংগীতায়োজনে ‘কান্ডারি চল’ গানে কণ্ঠ দিয়েছেন পান্থ কানাই, মিলা, বাম্মি ও সানজানা। তাদের সঙ্গে গানটিতে আরও রয়েছেন নাইজেরিয়ান শিল্পী অলি বয়, র্যাপর ব্ল্যাক জ্যাং।
‘দুনিয়াটায় গোল তাই যতই গন্ডগোল, মাঠে ঘাটে চলবে খেলা লাইফের ফুটবল’- এমন কথায় গানটি লিখেছেন টাইগার চৌধুরী, মাহবুব মোরশেদ (শিহাব), ওলি বয় ও ব্ল্যাক জ্যাং। সম্প্রতি ফুয়াদের স্টুডিওতে সম্পন্ন হয়েছে রেকর্ডিং।
বাংলাদেশি লোকসংগীতের আবহ, স্টেডিয়ামের উচ্ছ্বাস, আধুনিক ইলেকট্রনিক সাউন্ড, র্যাপ এবং পথঘাটের সংস্কৃতিকে একত্র করে ‘কান্ডারি চল’ তৈরি করেছে এক প্রাণবন্ত দেশীয় সাউন্ড।
এছাড়া গানটির সংগীতায়োজনে ব্যবহৃত হয়েছে দক্ষিণ এশিয়ার ঐতিহ্যবাহী ৬/৮ তালের ছন্দ, শক্তিশালী ড্রাম প্রোডাকশন এবং খোলা আকাশের নিচে রেকর্ড করা বৃহৎ ‘পারকাশন এনসেম্বল’। এর সঙ্গে যুক্ত হয়েছে ব্রাজিলিয়ান বাইলে ফাঙ্ক-এর প্রভাব, যা ফুটবলের বৈশ্বিক সংস্কৃতির সঙ্গে গানটির সংযোগকে আরও গভীর করেছে।
বিশ্বকাপের নতুন গান প্রসঙ্গে পান্থ কানাই বলেন, ‘ফুটবল শুধু একটি খেলা নয়, এটি মানুষের আবেগ ও ভালোবাসার জায়গা। বিশ্বকাপ এলেই গ্রামের মাঠ থেকে শহরের অলিগলি পর্যন্ত উৎসবের আমেজ তৈরি হয়। সেই আনন্দকে গানে তুলে ধরার চেষ্টা করেছি আমরা।’
তিনি আরও বলেন, ‘গানটির কথায় যেমন জীবন ও ফুটবলের মিল খুঁজে পাওয়া যায়, তেমনি সুর ও সংগীতায়োজনেও রয়েছে ভিন্নধর্মী একটি আবহ। আশা করছি সব বয়সী শ্রোতারা গানটি উপভোগ করবেন।’
অন্যদিকে মিলা বলেন, ‘বিশ্বকাপকে ঘিরে এমন একটি প্রাণবন্ত গানে কাজ করতে পেরে আমি খুবই আনন্দিত। ফুয়াদের সংগীতায়োজন সব সময়ই বিশেষ কিছু নিয়ে আসে, আর এই গানটিও তার ব্যতিক্রম নয়। বিভিন্ন ঘরানার শিল্পীরা একসঙ্গে কাজ করায় গানটিতে বৈচিত্র্য এসেছে। আমি বিশ্বাস করি, খেলা দেখতে দেখতে কিংবা বন্ধুদের আড্ডায় গানটি শ্রোতাদের বাড়তি উচ্ছ্বাস যোগ করবে। বিশ্বকাপের আনন্দকে আরও রঙিন করতেই আমাদের এই প্রয়াস।’
- বিষয় :
- পান্থ কানাই
- মিলা
- ফুয়াদ আল মুক্তাদির
