ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

আব্বা আমার আয়না, সেই আয়নায় নিজেকে দেখি: ফাহমিদা নবী

আব্বা আমার আয়না, সেই আয়নায় নিজেকে দেখি: ফাহমিদা নবী
×

ফাহমিদা নবী ও তার বাবা প্রয়াত সংগীতশিল্পী মাহমুদুন্নবী। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৭:১৯ | আপডেট: ২১ জুন ২০২৬ | ১৭:২৪

আজ বিশ্ব বাবা দিবস। বিশেষ এই দিনটি বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে সামাজিক মাধ্যমে বাবাকে স্মৃতি ভাগ করে নিচ্ছেন দেশের শোবিজ তারকারা। বাবা দিবসে প্রয়াত সংগীতশিল্পী মাহমুদুন্নবীকে স্মরণ করে আবেগঘন এক বার্তা দিয়েছেন তার মেয়ে, নন্দিত কণ্ঠশিল্পী ফাহমিদা নবী।

শনিবার (২১ জুন) বাবা দিবস ও বিশ্ব সংগীত দিবস উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে বাবার স্মৃতি, সংগীতচর্চা এবং বর্তমান সময়ের সংগীতাঙ্গন নিয়ে নিজের অনুভূতির কথা তুলে ধরেন ফাহমিদা নবী।

পোস্টের শুরুতেই তিনি লেখেন, ‘আজ বাবা দিবস। আজ সংগীত দিবস। সংগীত পরিবার, সংগীত নিয়ে বসবাস যাদের, তাদের স্মৃতিচারণে সুর বিষয়টাই বেশি করে প্রতীয়মান হয়ে ওঠে। একজন শিল্পী মাহমুদুন্নবী বেশি প্রধান হয়ে ওঠেন কিছু লিখতে গেলে। সবার ভালোবাসায় গানে গানে যার বেঁচে থাকা শ্রোতার মনে। আমাদের গর্ব হয়। আর বাবা তো ছায়া সব সন্তানের কাছেই। সে ছায়া চিরকালের জন্যই।’

তিনি লেখেন, ‘আব্বা আমার আয়না। আমি আমাকে দেখি সেই আয়নায়। আমার পরিবার, ভাই-বোন, আম্মা, আমাদের সন্তানরা ও বাবার শ্রোতারা-প্রত্যেকে আমার আয়নার অংশ। যে আয়নার আলোকে পথ চলার সাহস এক ধরনের ধৈর্য তৈরি করেছে। সেই ধৈর্য সহ্যের মধ্যে আছে দেখার চোখে নেবার ধারন ক্ষমতা।’

ফাহমিদা আরও লিখেছেন, ‘বাবা হিসেবে শুধু নয়, একজন প্রিয় শিল্পী মাহমুদূন্নবী যুগে যুগে একবারই আসে। যাকে মানুষ ভালোবাসে তাঁর সুরের অলংকরণ ও বিনয়ের কারণে। আজও প্রাণে ধারণ করে বলে, কত ভালো মানুষ ছিলেন, কত বড় বিনয়ী শিল্পী ছিলেন! তাঁর মতো সুরের রাজা আজও দেখলাম না! আমার কথা নয়, শ্রোতার কথা ‘

অতীতের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘তখন গানতো দেখার বিষয় ছিলো না! আমিও মনে করি গান শোনার বিষয় ছিলো, আছে ও থাকবে। গান কোন নিত্য নতুন ক্রিয়েটেড কনটেন্ট নয়। তাই আয়নার গভীরে কোন প্রতিযোগিতার দৌড়ে হারিয়ে যাবার ভয় নেই শিল্পী হিসেবে।’
 
বর্তমান সংগীতাঙ্গনের প্রসঙ্গ টেনে ফাহমিদা নবী আক্ষেপ করে লেখেন, ‘আজকের শিল্পচর্চার দেয়াল দেখি আর ভাবি একজন মাহমুদূন্নবী হয়ে ওঠার জন্য শিল্পী নেই, আছে তারকার ভীড়! সেই কন্ঠ এখনও নবীন, এখনও তারার মতো জ্বলজ্বলে এক আলোকবর্তীকা। শ্রোতার ভালোবাসা ও সম্মান পাওয়া বিশাল অর্জন। ধন্যবাদ শ্রোতাদের যাদের জন্য আব্বা অমর হয়ে আছেন মানুষের মনে, শ্রোতার জাগরনে। আব্বার আত্মার জন্য দোয়া করবেন। আমরা যেন তাঁর সেই সম্মান ধরে রাখতে পারি।’

আরও পড়ুন

×