ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

‘সন্তানকে ঘিরে বাবার ত্যাগ কতটা গভীর তা এখন বুঝতে পারি’

‘সন্তানকে ঘিরে বাবার ত্যাগ কতটা গভীর তা এখন বুঝতে পারি’
×

প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চট্টোপাধ্যায় ও ত্রিশাঞ্জিত চট্টোপাধ্যায়। ছবি: ফেসবুক

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ জুন ২০২৬ | ১৯:২৬

বিশ্বব্যাপী আজ পালিত হচ্ছে বাবা দিবস। এদিন বাবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন টালিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। সামাজিক মাধ্যমে বাবাকে নিয়ে একটি হৃদয়ছোঁয়া পোস্ট করে তিনি তুলে ধরেছেন জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কগুলোর একটি—বাবা ও সন্তানের বন্ধন।

রোববার বাবা দিবস উপলক্ষে নিজের ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দুটি বিশেষ ছবি শেয়ার করেন প্রসেনজিৎ। একটি ছবিতে দেখা যায়, পদ্মশ্রী সম্মান হাতে বাবা বিশ্বজিতের পাশে দাঁড়িয়ে আছেন তিনি। অন্য ছবিতে একই সম্মান হাতে নিজের ছেলে ত্রিশাঞ্জিত (মিশুক) সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন অভিনেতা।

দুটি ছবি যেন একই সঙ্গে অতীত ও বর্তমানের গল্প বলে—একদিকে বাবার আশীর্বাদ, অন্যদিকে সন্তানের প্রতি দায়িত্ব ও ভালোবাসা।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় প্রসেনজিৎ লিখেছেন, ‘সময়ের সঙ্গে অনেক কিছু বদলে যায়, কিন্তু বাবার ভালোবাসা কখনও বদলায় না। আমার নিজের জীবনে আমার বাবা আমাকে যে মূল্যবোধ, শৃঙ্খলা আর মানুষের প্রতি সম্মান করতে শিখিয়েছেন, তা আজও আমার পথচলার শক্তি।’

নিজে বাবা হওয়ার পর তিনি নতুন করে উপলব্ধি করেছেন একজন বাবার নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ ও উদ্বেগের গভীরতা। সন্তানকে ঘিরে একজন বাবার চিন্তা কতটা আন্তরিক হতে পারে, তা এখন তিনি আরও ভালোভাবে বুঝতে পারেন।

নিজের কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘আজ আমি নিজেও একজন বাবা। তাই বুঝতে পারি, সন্তানের জন্য একজন বাবার ভালোবাসা, উদ্বেগ আর নিঃস্বার্থ ত্যাগ কতটা গভীর। এই বিশেষ দিনে আমার বাবাকে জানাই অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। আর পৃথিবীর সকল বাবাদের জানাই শ্রদ্ধা ও শুভেচ্ছা।’

প্রসেনজিতের এই পোস্টে মুগ্ধ হয়েছেন তাঁর অনুরাগীরাও। অনেকেই মন্তব্যে অভিনেতার অনুভূতির প্রশংসা করেছেন এবং নিজেদের বাবাকে স্মরণ করেছেন।

এদিকে সম্প্রতি মুক্তি পেয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও যিশু সেনগুপ্ত অভিনীত নতুন সিনেমা ‘অভিমান’। টিজার প্রকাশের পর প্রসেনজিতের নতুন লুক দেখে বিস্মিত হয়েছিলেন তাঁর বাবা বিশ্বজিৎ। 

অভিনেতার কথায়, প্রথম দেখায় নাকি ছেলেকে চিনতেই পারেননি তিনি। পরে সেই লুকের একটি ছবি নিজ হাতে এঁকে ছেলেকে উপহার দেন বিশ্বজিৎ, যা প্রসেনজিতের কাছে বিশেষ সম্মান ও ভালোবাসার স্মারক হয়ে রয়েছে। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×