মাইকেল জ্যাকসনকে শ্রদ্ধা জানিয়ে ওয়ারফেইজের বিশেষ কনসার্ট
ছবি: সংগৃহীত
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৩:১৫
পপসম্রাট মাইকেল জ্যাকসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশেষ কনসার্ট আয়োজন করতে যাচ্ছে দেশের জনপ্রিয় রক ব্যান্ড ওয়ারফেইজ। আগামী ৩১ জুলাই ‘মাইকেল জ্যাকসন ট্রিবিউট’ শিরোনামে এই কনসার্টটি অনুষ্ঠিত হবে, রাজধানীর বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারের ‘হল অব ফেম’ ভেন্যুতে। এ কনসার্টটি যৌথভাবে আয়োজন করছে ব্র্যান্ডমিথ ও মার্স অ্যান্ড কো।
আয়োজকরা জানিয়েছেন, বিশ্বপপের ইতিহাসে মাইকেল জ্যাকসনের প্রভাব অতুলনীয়। তাঁর গান, নৃত্য, ভিডিও এবং সামাজিক বার্তা আজও প্রাসঙ্গিক। এই মহান শিল্পীকে স্মরণ করার মধ্য দিয়ে ওয়ারফেইজ শুধু একটি শ্রদ্ধাঞ্জলিই নয়; বরং দুই সম্পূর্ণ ভিন্ন সংগীত ধারার এক অপূর্ব মিলন ঘটাতে চলেছে।
একদিকে মাইকেল জ্যাকসনের চিরায়ত শ্রোতাপ্রিয় গান ‘থ্রিলার’, ‘বিলি জিন’, ‘ব্ল্যাক অর হোয়াইট’, ‘হিউম্যান নেচার’, অন্যদিকে ওয়ারফেইজের নিজস্ব রক ঘরানার সুর। এই দুইয়ের মিশ্রণ দর্শকদের জন্য হবে এক অতুলনীয় অভিজ্ঞতা। ব্যান্ডটি তাদের নিজস্ব বাদ্যযন্ত্র ও ভোকাল স্টাইলে গানগুলোকে নতুন করে সাজাবে, যা আগে কখনও শোনা যায়নি।
ওয়ারফেইজ দেশের রক সংগীতের ইতিহাসে এক গৌরবময় নাম। চার দশকেরও বেশি সময় ধরে তারা রক গানের মাধ্যমে শ্রোতাদের বিমোহিত করে আসছেন। ‘অবাক ভালোবাসা’, ‘পূর্ণতা’, ‘একটি ছেলে’, ‘ধূপছায়া’, ‘জননী’, ‘প্রতিচ্ছবি’, ‘ধূসর মানচিত্র’, ‘আলো’, ‘মহারাজ’ এ রকম অসংখ্য কালজয়ী গান আছে তাদের। প্রতিটি গানের মাধ্যমে তারা শ্রোতার মন ছুঁয়েছে এবং প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে স্থান করে নিয়েছে। এই কনসার্টে যেমন মাইকেল জ্যাকসনের অমর গানগুলোর রক ভার্সন শোনা যাবে, তেমনই ওয়ারফেইজের জনপ্রিয় গানও পরিবেশিত হবে, যা দর্শকদের জন্য এক রোমাঞ্চকর মিউজিক্যাল সফর তৈরি করবে।
সামাজিক মাধ্যমে কনসার্টের ঘোষণা ছড়িয়ে পড়তেই ভক্তদের মধ্যে উন্মাদনা দেখা দিয়েছে। নেটিজেনরা একে ‘বছরের সবচেয়ে প্রতীক্ষিত লাইভ শো’ হিসেবে আখ্যায়িত করছেন। বিশেষ করে মাইকেল জ্যাকসনের গান।
টিকিট সম্পর্কে আয়োজকরা জানান, খুব শিগগিরই টিকিট বিক্রি শুরু হবে। সংগীতপ্রেমীরা সহজেই অনলাইন প্ল্যাটফর্ম গেট সেট রকের ওয়েবসাইটে গিয়ে টিকিট সংগ্রহ করতে পারবেন। আসন সংখ্যা সীমিত হওয়ায় দ্রুত টিকিট শেষ হয়ে যেতে পারে, তাই আগে থেকেই প্রস্তুতি রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া কনসার্টের সময়সূচি, গানের তালিকা অন্যান্য আপডেট জানতে ফেসবুক ইভেন্ট পেইজ ও আয়োজকদের অন্যান্য ডিজিটাল চ্যানেলে নজর রাখার অনুরোধ জানানো হয়েছে।
এই আয়োজন শুধু একটি কনসার্ট নয়। সংগীতের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা এবং সৃজনশীলতার অনন্য উদযাপন হবে এই সন্ধ্যা। যারা মাইকেল জ্যাকসনের ভক্ত, যারা ওয়ারফেইজের গানে বড় হয়েছেন, অথবা শুধু ভালো সংগীতের স্বাদ গ্রহণ করতে চান। সবার জন্যই এই আয়োজন থাকবে স্মরণীয়।
- বিষয় :
- মাইকেল জ্যাকসন
- ওয়ারফেজ
