ঢাকা মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

শিল্পী সমিতির নির্বাচন

বাপ্পারাজ আসলে কোন পক্ষের

বাপ্পারাজ আসলে কোন পক্ষের
×

দুই প্যানেলের সঙ্গে মনোনয়নপত্র জমা দেন বাপ্পারাজ। ছবি: সংগৃহীত

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ১৮:১৬ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ১৮:৩৯

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনকে ঘিরে এফডিসিতে এখন জমে উঠেছে নির্বাচনী আমেজ। সম্ভাব্য প্রার্থী, জোট-প্যানেল নিয়ে শিল্পী ও সংশ্লিষ্ট মহলে এখন সরগরম আলোচনা। এবার নির্বাচনে দুটি প্যানেল থাকলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন নন্দিত চিত্রনায়ক বাপ্পারাজ। কারণ, এর আগে তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর পর গতকাল মনোনয়নপত্র জমা দেওয়ার দিন সশরীরে এফডিসিতে উপস্থিত তিনি।

এবারের নির্বাচনে একটি প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন শিবা শানু ও জয় চৌধুরী। অন্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরমান ও রুমানা ইসলাম মুক্তি।

সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার দিন বিকেলে থেকে সামাজিক মাধ্যমে দাবি করা হয় রুমানা ইসলাম মুক্তি-আরমান প্যানেল থেকে মনোনয়ন জমা দিয়েছেন প্রেমের সমাধি নায়ক। বিষয়টি নিয়ে আপত্তি তুলেছেন শিবা শানু-জয় চৌধুরী প্যানেলের কয়েকজন প্রার্থী।

শিবা শানু ও জয় চৌধুরী প্যানেলের সঙ্গে মনোনয়ন জমা দেন বাপ্পারাজ

বিষয়টি নিয়ে আপত্তি তোলেন শিবা শানু-জয় চৌধুরী প্যানেলের কয়েকজন প্রার্থী। তাদের দাবি, বাপ্পারাজ শুধু একটি প্যানেলের সঙ্গে নন, তাদের সঙ্গেও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

তারা জানান, গতকাল থেকে সমাজিক মাধ্যমসহ বেশকিছু অনলাইন গণমাধ্যমে একটি বিষয় লক্ষ করছি- বাপ্পারাজ নাকি মুক্তি-আরমান প্যানেলের সমর্থনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। আসলে বিষয়টি এমন নয়। বিষয়টি ভিন্নখাতে নেওয়ার চেষ্টার চলছে। তিনি তো আমাদের প্যানেলের সঙ্গেও মনোনয়নপত্র জামা দিয়েছেন। গতকাল এফডিসিতে এসেই বাপ্পা ভাই আমাদের জানিয়েছেন, তিনি আজ কোনো নির্বাচনী প্যানেলের হয়ে আসেননি। তিনি এসেছেন, সব শিল্পীর পক্ষ থেকে। কিন্তু একটি পক্ষ জোর করে বাপ্পা ভাইকে তাদের পক্ষে নেওয়ার চেষ্টা করছেন। এটা উচিৎ নয়।

অন্যদিকে বেশ কয়েকটি সংবাদ মাধ্যমে বাপ্পারাজের বক্তব্য তুলে ধরে বলা হয়, তিনি তার গড়া প্যানেলের সদস্যদের মনোনয়নপত্র জমা দিতে এফডিসিতে এসেছেন এবং আরমান-মুক্তি প্যানেলের প্রতি তার সমর্থন রয়েছে।

রুমানা ইসলাম মুক্তি-আরমান প্যানেলের সঙ্গে মনোনয়ন জমা দেন বাপ্পারাজ

দুই ধরনের বক্তব্য সামনে আসার পর নিজের অবস্থান পরিষ্কার করেছেন বাপ্পারাজ। তিনি জানান, শুরুতে একটি প্যানেল নিয়ে নির্বাচনে অংশ নেওয়ার চিন্তা থাকলেও ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেই সিদ্ধান্ত থেকে সরে আসতে হয়েছে। তবে শিল্পী সমিতিকে তিনি নিজের সংগঠন মনে করেন এবং এখানকার সব শিল্পীকেই নিজের মানুষ বলে বিবেচনা করেন।

মঙ্গলবার সন্ধ্যায় বাপ্পারাজ সমকালকে বলেন, ‘একটি প্যানেলে হয়ে আমি নির্বাচনে যেতে চেয়েছিলাম ঠিক। কিন্তু পরে ব্যক্তিগত কারণে সিদ্ধান্ত বদল করতে হয়। তবে বারবার বলে এসেছি শিল্পী সমিতি আমার নিজের সংগঠন। এখানে সব শিল্পীই আমার আপন মানুষ। তাই আলাদা বা বিভক্তের সুযোগ নেই। যেহেতু নির্বাচন মৌসুম। তাই আমি গতকাল দুই পক্ষের সঙ্গে মনোনয়নপত্র জমা দিয়েছি। এখানে আমাকে এক পক্ষে ফেলার কোনো সুযোগ নেই।’

আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচন।

আরও পড়ুন

×