বিজয়ের জন্মদিনে নীরব তৃষা, নতুন গুঞ্জনে নায়িকা-মুখ্যমন্ত্রী
থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণন। ছবি: ইন্সটাগ্রাম
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২০:১০ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ২০:১৭
প্রত্যেক বছরের জন্মদিনের তুলনায় এবারের জন্মদিন থালাপতি বিজয়ের কাছে ভিন্ন। কারণ, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর এটাই তার প্রথম জন্মদিন। স্বাভাবিকভাবে এই দিনে অসংখ্য শুভেচ্ছাবার্তা পেয়েছেন নায়ক। এসবের মাঝে আলোচনায় উঠে এসেছে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের সম্পর্কের বিষয়টি।
প্রতি বছর বিজয়ের জন্মদিনে সামাজিক যোগাযোগমাধ্যমে বিশেষ পোস্ট করে শুভেচ্ছা জানাতে দেখা গেলেও এবার ৫২তম জন্মদিনে কোনো বার্তা দেননি তৃষা। আর তাতেই ভক্তদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।
এর আগে ২০২৫ সালে বিজয়ের একটি পোষা কুকুরসহ ছবি পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘হ্যাপি বার্থডে বেস্টটেস’। তার আগের বছর লিফটে তোলা একটি সেলফি শেয়ার করে লিখেছিলেন, ‘ঝড়ের বুকে প্রশান্তি, প্রশান্তির মাঝে ঝড়! সামনের দিনগুলোতে আরও অনেক মাইলফলক ছোঁয়ার প্রত্যাশায়।’ ২০২৩ সালে বরফাচ্ছন্ন পটভূমিতে দুজনের একটি ছবি দিয়ে শুধু লিখেছিলেন, ‘এইচবিডি’।

এবারের নীরবতার মধ্যেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে নতুন গুঞ্জন। অনেকেই দাবি করেন, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, তৃষার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরীক্ষা করে দেখা গেছে, তিনি বিজয়কে ফলোই করতেন না। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনেও একই তথ্য উঠে এসেছে। অর্থাৎ, ‘আনফলো’ করার প্রশ্নই আসে না, যদি কখনো ফলোই না করা হয়ে থাকে।
গত কয়েক মাস ধরেই তাদের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সামাজিক মাধ্যমে নানা গুঞ্জন চললেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি বিজয়-তৃষা। তবে তাদের ঘনিষ্ঠ বন্ধুত্বকে কেন্দ্র করে নিয়মিত আলোচনার জন্ম হচ্ছে।
সদ্য শেষ হওয়া বিধানসভা নির্বাচনের কয়েকমাস আগে বর্তমান স্ত্রীর সঙ্গে বিজয়ের বিবাহবিচ্ছেদের গুঞ্জন উঠেছিল। বিচ্ছেদ সংক্রান্ত কিছু তথ্য প্রকাশ্যে আসার পরও সামাজিক মাধ্যমে নতুন করে বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে নানা দাবি ওঠে। এমনকি কয়েকজন রাজনৈতিক ব্যক্তিত্বও এ প্রসঙ্গ টেনে মন্তব্য করেছেন।

এছাড়া ভোটে জেতার পরে বিজয়ের বাড়িতে দেখা করতে যান তৃষা। শুধু তা-ই নয়, বিজয়ের শপথগ্রহণ অনুষ্ঠানেও একেবারে সামনের সারিতে উপস্থিত ছিলেন অভিনেত্রী। তাঁদের সম্পর্ক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন দক্ষিণের একাধিক তারকা।
তবে জন্মদিনের একটি পোস্ট না দেওয়া কিংবা ইনস্টাগ্রামে ফলো-আনফলো নিয়ে তৈরি হওয়া এই জল্পনার সত্যতা সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। ফলে বিষয়টি আপাতত ভক্তদের কৌতূহলের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
তামিল চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটি হিসেবে পরিচিত বিজয় ও তৃষা। তারা একসঙ্গে অভিনয় করেছেন ‘কুহিল্লি’, ‘তিরুপাচি’, ‘আদি’, ‘কুরুভি’ ও ‘লিও’-এর মতো সফল সিনেমায়। সূত্র: এনডিটিভি
- বিষয় :
- থালাপতি বিজয়
- তৃষা কৃষ্ণন
- মুখ্যমন্ত্রী
