প্রথমবার এক নাটকে বরেণ্য তিন অভিনয়শিল্পী
দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর। ছবি: নির্মাতার সৌজন্যে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৩ জুন ২০২৬ | ২১:০৮ | আপডেট: ২৩ জুন ২০২৬ | ২১:১৫
প্রথমবারের মতো এক নাটকে অভিনয় করেছেন দেশের তিন বরেণ্য অভিনয়শিল্পী দিলারা জামান, আবুল হায়াত ও ডলি জহুর। প্রযুক্তি ও ইন্টারনেটের ইতিবাচক-নেতিবাচক প্রভাবকে কেন্দ্র করে নির্মিত নাটকটিতে দর্শকদের জন্য সচেতনতামূলক বার্তা রয়েছে বলেন জানান নির্মাতা।
রাহাত কবিরের রচনা ও পরিচালনায় নির্মিত ‘দাদি ভয়ংকর’ নাটকের শুটিং ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।
নাটকের গল্প নিয়ে রাহাত কবির বলেন, ‘ইন্টারনেট-এর ভালো দিকও আছে খারাপ দিকও আছে। আমরা চাইলে ভালো দিকটা ব্যবহার করতে পারি আবার খারাপ দিকটাও ব্যবহার করতে পারি। নাটকে ভালো খারাপ দুটো দিকই দেখানো হয়েছে। কিন্তু ভালো দিকটা কীভাবে ব্যবহার করা যায়-সেই বিষয়টাই অনুপ্রেরণা হিসেবে দেখানো হয়েছে।’
আবুল হায়াত বলেন, ‘ভীষণ ভালো লেগেছে নাটকটিতে কাজ করে। কারণ, সিনিয়র কয়েকজন শিল্পীকে এক করে নাটক নির্মাণ করা খুব কঠিন একটি কাজ। নির্মাতা সেটা করতে পেরেছেন।’
দিলারা জামান বলেন, ‘প্রযুক্তি আমাদের যতোটা স্বচ্ছন্দ দিচ্ছে ঠিক ততোটা বিপদও ডেকে আনছে। সেই ব্যাপারে মূলত নাটকের মধ্য দিয়ে সবাইকে সাবধান করে দেওয়া। খুব ভালো লেগেছে একসঙ্গে একই নাটকে অভিনয় করে। আমার তো বারবার সেই শেষ পত্রের দিনগুলোর কথা মনে পড়ছিলো।’
ডলি জহুর বলেন, ‘অনেক বছর আগে আবুল হায়াত ভাইয়ের পরিচালনায় আমরা চারজন একসঙ্গে অভিনয় করেছিলাম, তারমধ্যে শর্মিলী আপা আমাদের মাঝে নেই। আসলে দিলারা আপা, হায়াত ভাইয়ের সঙ্গে এক নাটকে কাজ করাটা এটা যে আসলে কতোটা ভালোলাগার বিষয় তা ভাষায় প্রকাশের নয়।’
আবুল হায়াত, দিলারা জামান ও ডলি জহুর ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন নাদের চৌধুরী, করভী মিজান, আরশ খান ও প্রিয়ন্তী উর্বী। শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে নাটকটি প্রচার হবে।
- বিষয় :
- দিলারা জামান
- আবুল হায়াত
- ডলি জহুর
