এখানে লাশের কোনো নাম নেই
হাজার চুরাশি নাটকের দৃশ্য। ছবি:নাট্যদলের সৌজন্যে
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৪:১৭ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৪:২১
দেশের অন্যতম নাট্যদল পালাকার দীর্ঘ বিরতির পর আবারও নিজস্ব স্টুডিও থিয়েটার নিয়ে ফিরছে। রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের তৃতীয় তলার ছাদে নির্মিত হয়েছে নতুন নাট্যাঙ্গন ‘পালাকার রুফটপ স্টুডিও’। আগামী ২৬ জুন সন্ধ্যা ৭টায় নাট্যাঙ্গনটির উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ। উদ্বোধনী আয়োজনে মঞ্চস্থ হবে পালাকারের নতুন প্রযোজনা ‘হাজার চুরাশি’।
মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস ‘হাজার চুরাশির মা’ থেকে অনুপ্রাণিত হয়ে নাটকটি রচনা ও নির্মাণ করেছেন শামীম সাগর। নাটকের কেন্দ্রীয় চরিত্র শুভ, যাঁর মৃতদেহ একটি সরকারি হাসপাতালের মর্গে ১০৮৪ নম্বর ট্যাগে চিহ্নিত। সন্তানের লাশ শনাক্ত করতে এসে তাঁর মা রাহেলা বেগম মুখোমুখি হন এক নির্মম সামাজিক ও রাজনৈতিক বাস্তবতার। ক্ষমতার পালাবদল, সুবিধাবাদ এবং প্রতিবাদের ভাষা নাটকটির মূল উপজীব্য।
পালাকার সূত্রে জানা গেছে, নতুন এই স্টুডিওতে প্রথম দফায় ২৬, ২৭ ও ২৮ জুন টানা তিন দিন নাটকটির প্রদর্শনী হবে। সীমিত আসন সংখ্যার কারণে উদ্বোধনী প্রদর্শনী শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকলেও পরবর্তী দুই দিনের শো সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
নাট্যদলটির দাবি, খোলা আকাশ, লন্ঠনের আলো এবং বিশেষ দেয়ালচিত্রের সমন্বয়ে গড়ে ওঠা ‘পালাকার রুফটপ স্টুডিও’ দর্শকদের জন্য এক ভিন্নধর্মী অন্তরঙ্গ নাট্য-অভিজ্ঞতা তৈরি করবে। এর আগে ২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত ‘পালাকার স্টুডিও’তে নিয়মিত নিরীক্ষাধর্মী নাটক মঞ্চায়নের মাধ্যমে দলটি বিশেষ পরিচিতি লাভ করেছিল।
নাট্যকার ও নির্দেশক শামীম সাগর বলেন, ‘‘হাজার চুরাশি’ শুধু একটি নাটক নয়; এটি অন্যায়, শোষণ ও সুবিধাবাদের বিরুদ্ধে মানুষের প্রতিবাদের প্রতীক। মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস ‘হাজার চুরাশির মা’ সব সময়ই অন্যায়ের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ এবং মানবিকতার অনন্য দলিল। সেই অনুভূতি থেকেই এই নাট্যরূপ নির্মিত হয়েছে। এখানে লাশের কোনো নাম নেই, হাজার চুরাশি! একজন নাট্যকর্মী হিসেবে আমি বিশ্বাস করি, থিয়েটারের কাজ শুধু চলমান সময়কে আয়নায় দেখানো নয়; বরং সেই সময়ের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতগুলোকে স্পর্শ করা। এই প্রযোজনায় ক্ষমতার পালাবদলের সমান্তরালে তথাকথিত ‘সুশীল’ সমাজের ভণ্ডামি ও সুবিধাবাদকে নাট্যভাষায় ধরার চেষ্টা করেছি।
