ঢাকা বুধবার, ২৪ জুন ২০২৬

এক পোস্টে থামল বিতর্ক, জোরাল বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন

এক পোস্টে থামল বিতর্ক, জোরাল বিজয়-তৃষার সম্পর্কের গুঞ্জন
×

থালাপতি বিজয় ও তৃষা কৃষ্ণন। ছবি: ইন্সটাগ্রাম

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ জুন ২০২৬ | ১৫:১২ | আপডেট: ২৪ জুন ২০২৬ | ১৫:২৪

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা ও বর্তমান তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের ৫২তম জন্মদিন ঘিরে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছিল নানা জল্পনা। বিশেষ করে অভিনেত্রী তৃষা কৃষ্ণনের নীরবতা ভক্তদের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছিল। তবে একদিন পর তৃষার একটি পোস্ট বাড়িয়ে দিল কৌতূহল।

২২ জুন জন্মদিন পালন করেন বিজয়। জন্মদিন উপলক্ষে চলচ্চিত্র অঙ্গন ও রাজনৈতিক মহলের অসংখ্য শুভেচ্ছাবার্তা সামাজিক মাধ্যমে দেখা গেলেও সবার নজর ছিল তৃষা কৃষ্ণনের দিকে। দিনভর কোনো শুভেচ্ছাবার্তা না আসায় সামাজিক মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। কেউ দাবি করেন, তৃষা নাকি ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো করেছেন। আবার কেউ বলেন, দুজনের সম্পর্কের সমীকরণে পরিবর্তন এসেছে।

তবে মঙ্গলবার সন্ধ্যায় সব জল্পনার অবসান ঘটান তৃষা নিজেই। সামাজিক মাধ্যমে বিজয়ের সঙ্গে তোলা একটি ছবি প্রকাশ করেন নায়িকা। ছবির ক্যাপশনে লেখেন, ‘এটা সেই ব্যক্তির জন্য, যিনি সবকিছু সার্থক করে তোলেন।’ পোস্টটি প্রকাশের পরপরই তা ভাইরাল হয়ে যায় এবং সারাদিনের গুঞ্জন অনেকটাই থেমে যায়।

দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে তাদের বন্ধুত্ব নিয়ে আলোচনা চলে আসছে। বিশেষ করে গত কয়েক মাসে বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে দেখা যাওয়ার পর সেই গুঞ্জন আরও বেড়ে যায়।

কয়েক মাস আগে চেন্নাইয়ের একটি বিয়ের অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। পরে বিজয় যখন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন, সেই অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তৃষা। শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি ভিডিওতে অভিনেত্রীকে আবেগাপ্লুত অবস্থায় দেখা যায়, যা সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Trish (@trishakrishnan)

২০২৩ সালে ‘লিও’ মুক্তির আগে দেওয়া এক সাক্ষাৎকারে তৃষা বিজয়ের প্রশংসা করে বলেছিলেন, ‘আমার বয়স যখন ১৯ বা ২০, তখন প্রথম বিজয়ের সঙ্গে দেখা হয়েছিল। ২০ বছরের বেশি সময় ধরে কারও সঙ্গে বন্ধুত্ব থাকলে আবার তার সঙ্গে কাজ করা মানে নিজের ঘরে ফিরে আসার মতো অনুভূতি। আমাদের মধ্যে সেই সহজ সম্পর্ক এখনও আছে।’

চলতি বছরের শুরুতে বিজয়ের ব্যক্তিগত জীবনও আলোচনায় আসে। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়, দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের পর তার স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম বিবাহবিচ্ছেদের আবেদন করেছেন।

সামাজিক মাধ্যমে এরপর থেকেই তৃষার সঙ্গে বিজয়ের সম্পর্ক নিয়ে নানা ধরনের জল্পনা ছড়াতে থাকে। যদিও এ বিষয়ে বিজয় বা তৃষা—কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তাদের পক্ষ থেকেও কখনো সম্পর্কের গুঞ্জন স্বীকার বা অস্বীকার করা হয়নি।

বিজয়-তৃষার পরিচয় ও বন্ধুত্বের ইতিহাস দুই দশকেরও বেশি পুরোনো। ২০০৪ সালে ‘গিলি’ সিনেমার মাধ্যমে তাদের জুটি দর্শকদের নজর কাড়ে। বক্স অফিসে ব্যাপক সাফল্য পায় এবং দক্ষিণ ভারতীয় সিনেমার অন্যতম জনপ্রিয় অনস্ক্রিন জুটিতে পরিণত হন তারা। এরপর তারা একসঙ্গে অভিনয় করেন ‘কুহিল্লি’, ‘তিরুপাচি’, ‘আদি’, ‘কুরুভি’ ও ‘লিও’-এর মতো সফল সিনেমায়। দীর্ঘ ১৫ বছর পর ২০২৩ সালে ‘লিও’ সিনেমার মাধ্যমে আবারও পর্দায় এক হন তারা, যা দর্শকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস সৃষ্টি করে। সূত্র: ফার্স্টপোস্ট

আরও পড়ুন

×